রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় আধিপত্য ও অবৈধ ব্যবসার অভ্যন্তরীণ কোন্দলের জেরে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আইয়ুব আলীকে খানকে (৪৭) কুপিয়ে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে ঢাকার সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় দায়ের করা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় আইয়ুব আলীর ভাতিজা জাকির খাঁ বৃহস্পতিবার রাতে আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো পাঁচ-ছয় জনের বিরুদ্ধে থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
পুলিশ শান্ত গাজী (১৯) ও হারেজ শেখ (৩২) নামের এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে। তারা দু’জনই স্থানীয় বাসিন্দা। শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে রাজবাড়ীর কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আইয়ুব আলী উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি। সেই সাথে তিনি দৌলতদিয়া পতিতাপল্লীর একজন প্রভাবশালী বাড়িওয়ালা। পতিতাপল্লীর অভ্যন্তরে প্রভাব বিস্তার ও ফেরিঘাট এলাকায় বালুর ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয়ভাবে একটি গ্রুপের সাথে বেশ কিছুদিন ধরে তার দ্বন্দ্ব চলছিল। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে পতিতাপল্লীর একটি বাড়িতে অবস্থান করার সময়ে দুর্বৃত্তরা তার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় তারা আইয়ুবকে এলোপাতারি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে ফেলে যায়।
আহত আইয়ুব আলী মোবাইল ফোনে জানান, তার ওয়ার্ডে মেম্বার নির্বাচন করতে ইচ্ছুক ইয়াসিন নামের এক যুবক তাকে হত্যা করে পথের বাধা দূর করতে চায়। তার নেতৃত্বেই এ হামলা হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, পূর্ব শত্রুতা ও অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ইতোমধ্যে এজাহারভুক্ত দুই আসামিকে আমরা গ্রেফতার করতে সমর্থ হয়েছি। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
গোয়ালন্দে আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টায় মামলা
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় আধিপত্য ও অবৈধ ব্যবসার অভ্যন্তরীণ কোন্দলের জেরে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আইয়ুব আলীকে খানকে (৪৭) কুপিয়ে হত্যার চেষ্টা করে...





