ভিসি অধ্যাপক ড. মো: ইমদাদুল হকের নামে কেন্দ্রীয় মিলনায়তনের নাম রাখার দাবি জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। গত বুধবার ভিসি স্মরণে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে শোকসভায় শিক্ষকদের মধ্য হতে এ দাবি উত্থাপন করা হয়।
শোকসভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। স্মৃতিচারণ করে তিনি বলেন, ভিসি অধ্যাপক ড. মো: ইমদাদুল হক একজন আত্মমর্যাদা সম্পন্ন এবং একাধারে দক্ষ একাডেমিক ও প্রশাসনিক ব্যক্তি হিসেবে নিজেকে অধিষ্ঠিত করেন। সহকর্মীদের প্রতি তার সম্মানবোধ অনুকরণীয় ছিল। অনেক বিষয়েই দ্বিমতের মধ্যদিয়ে শুরু হলেও ভিসির দক্ষতায় সমঝোতায় তা শেষ হতো।
শোকসভায় বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিত, প্রক্টর, প্রভোস্ট, ছাত্রকল্যাণ পরিচালক, গবেষণা পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, নীল দল, কর্মকর্তা, কর্মচারী নেতৃবৃন্দ, শাখা ছাত্রলীগ বক্তব্য রাখেন। এ সময় ভিসিকে স্মরণ করে স্মৃতিচারণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা।
সভাটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন ডেপুটি রেজিস্ট্রার মো: হেদায়েত উল্লাহ।





