আইনে পাহাড় কাটা নিষিদ্ধ। ১০ চাকার ভারী ড্রামট্রাক গ্রামীণ সড়ক দিয়ে চলাচল নিষিদ্ধ। অথচ পাহাড়ি লালমাটি ভরে অবাধে চলছে এই ট্রাক। ভেঙে যাচ্ছে গ্রামীণ সড়ক। দুর্ভোগে পড়ছেন এলাকাবাসী। টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার নিত্যদিনের চিত্র এটি।
উপজেলাজুড়ে নির্বিচারে টিলা কাটা হচ্ছে। এসব টিলার মাটি বহন করা হচ্ছে ১০ চাকার বড় ড্রামট্রাকে। গ্রামীণ সড়কে এ ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে উপজেলা প্রশাসন। তবু ঘুরছে এই ট্রাকের চাকা, ভাঙছে গ্রামীণ সড়ক। লক্ষ্মীন্দর ইউনিয়নের কাজলা গ্রামের লালগিড়িরঘাট এলাকায় ইট দিয়ে নতুন সড়ক নির্মাণ করা হয়েছে প্রায় তিন মাস আগে। পাতিচালা এলাকায় টিলা কাটা হয় কয়েক দিন আগে। টিলার মাটি বহন করা ১০ চাকার ট্রাক ওই সোলিং সড়ক দিয়ে চলাচল করে। এতে বেহাল হয়ে পড়েছে সড়কটি। স্থানীয়দের ভাষ্য, সড়কটি দিয়ে ভ্যানগাড়ি দূরে থাক, দুই চাকার সাইকেল নিয়েও এখন চলা দায়। সরেজমিনও মেলে সত্যতা।

এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি। অনুরোধের সুরে মাটি ব্যবসায়ীকে সড়কটি সংস্কার করে দিতে বলেন স্থানীয়রা। কিন্তু তাদের অনুরোধ রাখেননি মাটি ব্যবসায়ী খলিল মিয়া ও সিরাজ মিয়া। পাহাড়ি লালমাটি কেটে রাস্তার কাজ করা হয়েছে। এটি ছিল স্থানীয় সংসদ সদস্যের বরাদ্দের কাজ। তবে মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। তাদের ভাষ্য, এলাকাবাসী রাস্তা ঠিক করে দিতে বলেছিল, বিষয়টি পিআইও অফিসকে জানানো হয়েছে।
ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরতিজা হাসান বলেন, পাহাড় কাটা বন্ধে উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদফতর এবং পুলিশের অভিযান চলমান রয়েছে। এরই মধ্যে অনেক স্থানে পাহাড় কাটা বন্ধ করা হয়েছে। অভিযানের আওতায় ১০ চাকার ড্রাম ট্রাকও রয়েছে। গ্রামীণ সড়ক রক্ষায় সম্পৃক্ত করা হয়েছে ইউপি চেয়ারম্যানদের। এ ধরনের কাজ বন্ধে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।