অবৈধভাবে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকা ডুবিতে রাজৈর উপজেলার দুই তরুণের মৃত্যুর খবরে তাদের স্বজনেরা দিশেহারা হয়ে পড়েছেন। মারা যাওয়া তরুণদের পরিবার তাদের লাশের অপেক্ষায় আছেন। রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের পশ্চিম স্বরমঙ্গল গ্রামের মামুন শেখ (২২), একই ইউনিয়নের সিন্দিয়া গ্রামের সজল বৈরাগী (২৪) গত বৃহস্পতিবার ভূমধ্যসাগরে নৌকা ডুবে মারা যান। গত শুক্রবার মা-বাবার কাছে খবর আসে তারা আর বেঁচে নেই। মৃত মামুন শেখের বাবা ইউসুফ শেখ জানান, আমার সন্তানের লাশ যেন বাড়িতে এনে দাফন করতে পারি সে ব্যবস্থা নেয়ার জন্য সরকারের কাছে আকুতি জানাচ্ছি। স্বজনরা জানান, ইতালি যেতে গত ১৪ জানুয়ারি বাড়ি ছাড়েন মামুন শেখ, সজল বৈরাগীসহ বেশ কয়েকজন তরুণ।