আসন্ন পবিত্র রমজান শেষে ঈদের আগে ঘরমুখী হওয়া ও পরে কর্মস্থলে যোগদানে ব্যস্ত মানুষের বাড়তি চাপ সামাল দিতে ট্রেন ও বগি সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো: জিল্লুল হাকিম। এ ছাড়া ঈদযাত্রায় যাত্রীদের বিশেষ সুবিধার্থে ট্রেন ও বগির সংখ্যা বৃদ্ধিসহ অনলাইনে টিকিট বিক্রির পাশাপাশি স্টেশনগুলোতেও টিকিট বিক্রির ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
শুক্রবার রাজবাড়ী রেলস্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো: জিল্লুল হাকিম এসব কথা বলেন।
তিনি ইতোমধ্যে ঈদযাত্রায় যাত্রীদের সুবিধার্থে ট্রেন ও বগির সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিগগিরই আমাদের মিটিং রয়েছে। মিটিংয়ে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। অতিরিক্ত যেসব বগি যুক্ত করা হবে সেখানে বসার এবং দাঁড়ানো যাত্রী যেতে পারবে। ঈদকে সামনে রেখে ট্রেনে সব সুযোগ-সুবিধা রাখা হবে।
রেলে লোকবল নিয়োগের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, চালক ও স্টেশন মাস্টার নিয়োগের জন্য ইতোমধ্যে লিখিত পরীক্ষা নেয়া হয়েছে। যারা ভালো করবে তাদেরকে নিয়োগ দেয়ার মাধ্যমে বন্ধ হওয়া এবং নতুন স্টেশনগুলো চালু করা হবে।
দুই দিনের সরকারি সফরে রাজবাড়ীতে আগমন উপলক্ষে রেলস্টেশনে জেলা প্রশাসক আবু কায়সার খান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো: রেজাউল করিমসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা রেলমন্ত্রী ও তার সহধর্মিণী সাঈদা হাকিমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। রাজবাড়ী রেলস্টেশন পরিদর্শন শেষে জেলা সার্কিট হাউজে রেলমন্ত্রীকে গার্ড অব অনার দেয়া হয়।