মেঘালয় পাহাড় ঘেঁষা বাংলাদেশ-ভারত সীমান্তের জৈন্তাপুর উপজেলার নান্দনিক পর্যটন স্পট (ডিবির হাওর) লাল শাপলা বিলে অবৈধভাবে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। গত শুক্রবার (৮ মার্চ) জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা সানিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। দুই ঘণ্টাব্যাপী চলমান অভিযানে কেন্দ্রী বিল, ডিবির হাওর বিলসহ শাপলা রাজ্যের বিভিন্ন পয়েন্ট থেকে ১৬টি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। তবে এ সময় কাউকে আটক করা হয়নি।
গত ৫ মার্চ জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদের নাম ব্যবহার করে এক মৌসুমের জন্য শাপলা বিলে মাছ আহরণে উপজেলা পরিষদে নিলামের বিষয়ে মাইকিং করে প্রচারণা করা হয়। তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক নীতিবাচক আলোচনা-সমালোচনা শুরু হয়। লাল শাপলা বিল নিয়ে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে নিউজ প্রকাশিত হয়েছে। স্থানীয় গণমাধ্যম কর্মী, পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ সোচ্চার হলে বিষয়টি জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের নজরে আসে।
এ ঘটনায় শাপলা বিলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।