পূর্বাঞ্চল রেলওয়ের চট্টগ্রামের মিরসরাইয়ের ২৯ কিলোমিটার এলাকাজুড়ে নাশকতারোধে তিন মাসের বেশি সময় দায়িত্ব পালন করেছেন আনসার ভিডিপির সদস্যরা। প্রথম এক সপ্তাহের বেতন দিলেও প্রায় চার মাস পরও তিন মাসের বেতন বকেয়া রয়েছে তাদের। আবার কেউ কেউ একদিনের বেতনও পাননি এখনো। এতে পরিবার নিয়ে চরম কষ্টে দিন কাটছে এসব আনসার সদস্যের।
খোঁজ নিয়ে জানা গেছে, রেললাইন ও রেলে নাশকতারোধে ২০২৩ সালের ৩১ অক্টোবর থেকে মিরসরাই উপজেলার ২৯ কিলোমিটার এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে আনসার মোতায়েন করা হয়। প্রথমে ১৫টি স্পটে একটি গ্রুপে সাতজন করে আনসার সদস্য দায়িত্ব পালন করেন। ১৮ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ২০টি স্পটে আটজন করে নিয়োজিত ছিলেন। ১ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ১০টি স্পটে দায়িত্ব পালন করেছেন সদস্যরা। এখন আর কেউ দায়িত্ব পালন করছে না।
উপজেলা আনসার ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, একদিনে পিসি ও এপিসির বেতন ধরা হয়েছে ৫২৫ টাকা। অন্যান্য সদস্যদের বেতন ধরা হয় ৪৭৫ টাকা। প্রথম সাত দিনের বেতন পেলেও অন্যসময়ের বেতন এখনো আসেনি।
আনসার সদস্য কামাল উদ্দিন বলেন, অনেকে প্রথম এক সপ্তাহের বেতন পেয়েছে। আমি একদিনেরও বেতন পায়নি। এখন রমজান মাস চলছে, পরিবার নিয়ে ধারদেনা করে অনেক কষ্টে দিন যাচ্ছে।
নারী সদস্য হোসনে আরা বেগম বলেন, আমি এক সপ্তাহের বেতন পেয়েছি। একটি টিমের দলনেত্রীর দায়িত্বে রয়েছি। অন্য সদস্যদের আমার কাছ থেকে কিছু কিছু টাকা দিয়েছি।
ধুমঘাট এলাকার গিয়াস উদ্দিন সোহাগ বলেন, আমরা অনেক ঝুঁকি নিয়ে রেললাইন পাহারা দিয়েছি। দোকানে অনেক বকেয়া হয়ে গেছে। আনসার ভিডিপি কর্মকর্তার কার্যালয়ে অনেকবার গিয়েও কোনো লাভ হয়নি।
উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ধনচরণ নাথ জানান, রেললাইন ও রেলে নাশকতারোধে মিরসরাই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্যাটেলিয়ন ও সাধারণ আনসার ভিডিপির সদস্যরা পাহারায় ছিলেন। তীব্র শীতেও রাতে তারা দায়িত্ব পালন করেছেন। প্রথম এক সপ্তাহের বেতন পেলেও অন্যসময়ের বেতন এখনো আসেনি। এ বিষয়ে আমি জেলায় বার বার যোগাযোগ করছি।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট এ এইচ এম সাইফুল্লাহ হাবিব জানান, রেল লাইনে নাশকতারোধে দায়িত্ব পালন করা আনসার সদস্যদের এক সপ্তাহের বেতন দেয়া হয়েছে। পরবর্তি ২৪ দিনের বেতন অর্থ মন্ত্রণালয় থেকে ছাড় পাওয়ার অপেক্ষায়। আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যে পেয়ে যাবে। এরপর বাকি দিনগুলোর বেতন ক্রমান্বয়ে আসবে।
মিরসরাইয়ে ১৬০ আনসার সদস্যের বেতন নেই ৪ মাস
পূর্বাঞ্চল রেলওয়ের চট্টগ্রামের মিরসরাইয়ের ২৯ কিলোমিটার এলাকাজুড়ে নাশকতারোধে তিন মাসের বেশি সময় দায়িত্ব পালন করেছেন আনসার ভিডিপির সদস্যরা। প্রথম এক সপ্তাহের বেতন দিলেও প্রায় চার...





