আজ ভয়াল ১১ জুলাই। শোকাবহ মিরসরাই ট্র্যাজেডির ১৩ বছর। ক্যালেন্ডারের পাতার অনেক দিবসই ভোলা যায়। কিন্তু ভোলা যাবে না মিরসরাইয়ের ১১ জুলাই ট্র্যাজেডি দিবস। সন্তানদের জন্মদিন অনেকে হয়তো ব্যস্ততার কারণে ভুলে যান কিন্তু মৃত্যুদিন কেউ ভোলেন না। এখনো আসা-যাওয়ার পথে দুর্ঘটনার স্থানে থমকে দাঁড়ায় পথিক।
১৩ বছর আগে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা প্রাণ কেড়ে নেয় দুই অভিভাবক ও ফুটবলপ্রেমীসহ ৪৫ শিক্ষার্থীর। ২০১১ সালের ১১ জুলাই চট্টগ্রামের মিরসরাই স্টেডিয়াম থেকে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের খেলা শেষে একটি ট্রাকে করে আবুতোরাবে ফেরার পথে মায়ানী ইউনিয়নের পশ্চিম সৈদালীতে একটি ডোবায় শিক্ষার্থীদের বহনকারী মিনি ট্রাকটি উল্টে যায়। এতে একে একে মারা যায় ৪৩ জন স্কুলশিক্ষার্থী ও দুই অভিভাবক। সেই দুঃসহ স্মৃতি এখনো বয়ে বেড়ায় সহপাঠী ও স্বজনরা। মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণীয় করে রাখতে আবুতোরাব উচ্চবিদ্যালয়ের প্রবেশমুখে স্থাপন করা হয়েছে স্মৃতিস্তম্ভ ‘আবেগ’ আর দুর্ঘটনাস্থলে নির্মাণ করা হয়েছে স্মৃতিস্তম্ভ ‘অন্তিম’।
আবুতোরার বহুমুখী উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেন বাবুল জানান, মিরসরাই ট্র্যাজেডিতে নিহত শিক্ষার্থীদের স্মরণে আজ বৃহস্পতিবার সকালে কুরআন খতম, ১১টায় স্মৃতিস্তম্ভ ‘আবেগ’ এবং ‘অন্তিম’-এ পুষ্পস্তবক অর্পণ, সাড়ে ১১টায় শোকসভা ও বাদ জোহর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন ও উপজেলা নির্বাহী অফিসার অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।





