স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা: সামন্ত লাল সেন বলেছেন, দেশের প্রত্যন্ত এলাকা গুলিতেও যদি আমরা উন্নত চিকিৎসা নিশ্চিত করতে পারি তাহলে সারা দেশ থেকে মানুষ চিকিৎসা নিতে ঢাকামুখী হবে না আর ঢাকার সাহেবরা বিদেশমুখী হবে না। আমাদের চিকিৎসকদের মান অন্যান্য উন্নত দেশের চিকিৎসকদের চেয়ে কোনো অংশে কম না। শুধু আমাদের চিকিৎসার মান ও যন্ত্রপাতির উন্নয়ন করে চিকিৎসা সেবা দিয়ে যেতে হবে। গতকাল শনিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২০ শয্যা বিশিষ্ট ডায়াবেটিস হাসাপাতাল উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
চিকিৎসা ব্যবস্থা এবং চিকিৎসকদের নিয়ে তিনি বলেন, আমাদের স্থানীয় পর্যায়ের চিকিৎসাব্যবস্থার আগে উন্নয়ন করতে হবে। আমাদের চিকিৎসকদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে, কাগজে কলমে ভুল হলে তা সংশোধন করা সম্ভব। কিন্তু ভুল চিকিৎসা দিলে তা সংশোধন করা সম্ভব হয় না। আমরা দেশের প্রান্তিক এলাকার সাধারণ মানুষের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে না পারলে দেশের স্বাস্থ্য বিভাগের উন্নতি করতে পারব না। স্বাস্থ্য বিভাগের মাঠপর্যায়ে যেসব সমস্যা আছে তা রাতারাতি সমাধান করা সম্ভব নয়। এর জন্য কাজ করছে স্বাস্থ্য বিভাগ। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবার জন্য যা যা করা দরকার তা সবই করা হবে।
এ সময় ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজউদ্দীন আহমেদ, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা: এ কে আজাদ, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহাবুর রহমান, পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের পরিচালক ফয়জুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সরকারি ও বেসরকারি উদ্যোগে ২০ শয্যাবিশিষ্ট পীরগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের নির্মাণ কাজে ব্যয় হয়েছে ১০ কোটি ২৫ লাখ ৪৬ হাজার টাকা।





