মুন্সীগঞ্জের শ্রীনগরে ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের জের ধরে পাটাভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমিজ উদ্দিন বেপারী ও তার ভাইসহ তিনজনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।
রোববার (১৪ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে শ্রীনগর-দোহার সড়কের বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, পাটাভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমিজ উদ্দিন বেপারীর ভাইয়েরাসহ কামারখোলা এলাকার কয়েকজন মিলে পূর্ব কামারখোলা এলাকায় বালু ভড়াটের জন্য ড্রেজারের লাইন বসাচ্ছিল। এতে পশ্চিম কামারখোলা এলাকার দিল বেপারীর ছেলে ফয়সালের নেতৃত্বে বেশ কয়েকজন মিলে ড্রেজারের লাইন টানার কাজে বাধা দেয় এবং সেখানে ফয়সালের লোকজন ড্রেজার বসাবে বলে জানায়।
বিষয়টি নিয়ে দুই পক্ষ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে বাইপাস এলাকায় আলোচনায় বসে। আলোচনা ফলপ্রসূ না হওয়ায় সেখানে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে সেখান থেকে ফয়সাল গ্রুপের লোকজন চলে যায়।
বিকেল সাড়ে ৫টার দিকে ফের ফয়সালের নেতৃত্বে মোটরসাইকেলের বহর নিয়ে ১২ থেকে ১৫ জন এসে রমিজ উদ্দিন বেপারী (৬০), তার ভাই দেলোয়ার বেপারী (৫০) ও একই এলাকার জমির উদ্দিনের ছেলে স্বপনকে (৫০) অতর্কিতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দ্রুত স্থান ত্যাগ করে।
স্থানীয়রা তাদের তিনজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, এই ঘটনায় শ্রীনগর থানায় মামলার প্রস্তুতি চলছে।





