নরসিংদীর শিবপুরে নিখোঁজের তিন দিন পর মিনারা বেগম (৪৫) নামের এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে এলাকাবাসীর কাছ থেকে তথ্য পেয়ে শিবপুর মডেল থানা পুলিশ শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের আজকিতলা গ্রামের সেসুর বাড়ীর পাশে ফসলি জমি থেকে লাশটি উদ্ধার করে।

নিহত মিনারা আজকিতলা গ্রামের মরহুম আহম্মেদ আলী মেয়ে।

স্থানীয় ইউপি সদস্য গাজী মো: বজলুর রহমান জানান, মিনারা বেগম তিন দিন ধরে নিখোঁজ ছিল। তার সন্ধান পেতে এলাকায় মাইকিং করা হয়। এরপর সম্ভাব্য সব জায়গায় খোঁজ করা হয়। কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার বেলা ১১টার দিকে অর্ধগলিত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা আমাকে ফোনে জানালে আমি থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। নিহত মিনারা বেগম আজকিতলা গ্রামে তার নানার বাড়িত দুই সন্তানকে নিয়ে বসবাস করত। গত চার-পাঁচ বছর আগে একই ইউনিয়নের নৌকাঘাকা গ্রামে চান মিয়াকে দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় বিয়ের পরও এখানে থাকতেন মিনারা বেগম।

শিবপুর মডেল থানার (ওসি) ফরিদ উদ্দিন বলেন, প্রাথমিকভাবে কোনো কিছু বলতে পারছিনা। তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসলেই বোঝা যাবে মূলত এটি আত্মহত্যা নাকি হত্যা। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।