নেত্রকোনার পূর্বধলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গ্রাফিতি লিখন কর্মসূচির সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধরের ঘটনায় মামলা হয়েছে। গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পূর্বধলা উপজেলার সমন্বয়ক নাকিব আহমেদ সেতু বাদি হয়ে পূর্বধলা থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় আসামি করা হয়েছে- উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আকাইদুল ইসলাম রোমান, উজ্জ্বল, সাবেক ছাত্রনেতা মুকুল কায়সার আকন্দ, সেচ্ছাসেবক লীগ নেতা হাবুল মিয়া, সাবেক ছাত্রনেতা শহিদুল ইসলাম আঙ্গুর, বাদশা, পূর্বধলা সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি হৃদয় খান নাঈম, নাজিম খান, রুহুল সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কালাম তালুকদার, এমপি আহমেদ হোসেনের ভাতিজা মিজানুর রহমান মুজিবর, সাবেক ছাত্রনেতা জাহিদ হাসান সাকিন, সাজ্জাদ হোসেন, মো: মনি, হেদায়েত উল্লাহ সিয়ামসহ অজ্ঞাত আরো ১০-১২ জন।
স্থানীয় ও মামলার বিবরণে জানা গেছে, গত ১ আগস্ট সন্ধ্যার পরে উপজেলার পূর্বধলা বালিকা উচ্চ বিদ্যালয় রোডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গ্রাফিতি লিখন কর্মসূচি পালন করছিলেন। এ সময় আট-দশটা বাইক দিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।
পূর্বধলা থানার ওসি তাজুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।