টাঙ্গাইলের সখীপুরে মসজিদের এক ইমামকে রাজকীয় বিদায় দিয়েছেন মুসল্লিরা। এ সময় ওই ইমামকে টাকার মালা ও বিভিন্ন ধরনের উপহার দেয়া হয়। গত শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলার কচুয়া ভাতকুড়াপাড়া হযরত বেলাল রা. জামে মসজিদের ইমামকে এ সংবর্ধনা দেয়া হয়।
বিদায়ী ইমামের নাম হাফেজ মোহাম্মদ শহিদুল ইসলাম। তার বাড়ি কচুয়া উত্তর কামান্নাপাড়ায়। তিনি ২০০৭ সাল থেকে মাত্র ১৭০০ টাকা সম্মানীতে ইমামতি শুরু করেন এবং টানা ১৭ বছর ওই মসজিদেই ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেন। তার সর্বশেষ মাসিক সম্মানী ছিল ৯ হাজার টাকা। এ ইমাম টিনের মসজিদ ও মাটির মেঝে থেকে বিল্ডিংয়ে মসজিদ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এ ছাড়াও পানির পাম্প, জামিয়া আরাবিয়া মুছলেহা বশির মাদানি নেসাব ও নুরানি ক্যাডেট নামে সামাজিক মাদরাসা প্রতিষ্ঠা করেন।
ইমাম হাফেজ শহিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন আমি এ মসজিদ মাদরাসার সাথে সম্পৃক্ত ছিলাম। আমার বাড়ি যেহেতু এখানেই। আমি বিদায় নেয়ার পরও এ মসজিদের মুসল্লিদের সাথে দেখা হবে। তবে সেটি আজকের দিনের মতো আর হবে না। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন। অনেক মুসল্লিকেও এ সময় অশ্রুসিক্ত দেখা যায়।
মুসল্লিরা কাগজে মোড়ানো বিভিন্ন ধরনের উপহার দিয়ে মোটরসাইকেল শোডাউন করে ইমাম হাফেজ শহিদুল ইসলামকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসেন। মসজিদের সভাপতি এবং সখীপুর রুপা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বশির আহমেদ বলেন, ইমাম হাফেজ শহিদুল ইসলাম আমাদের মসজিদ থেকে বিদায় নিলেও তিনি আমাদের মাদরাসার উপদেষ্টা হিসেবে থাকবেন।





