মালয়েশিয়ায় চকলেট দিয়ে বাংলাদেশী প্রবাসীদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন কুয়ালালামপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: গোলাম সারোয়ার।
রাজধানী কুয়ালালামপুর থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে থাইল্যান্ড সীমান্তের কাছে কোতাবারু প্রদেশে অবস্থিত গ্রান্ড মিজান ইন্টারট্রেডার্সের কনস্ট্রাকশন প্রজেক্টে উপস্থিত হয়ে তিনি এ শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন মিজান ইন্টারট্রেডার্সের চেয়ারম্যান ও ডিরেক্টর দাতুক মিজানসহ প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীরা।
রাষ্ট্রদূত গোলাম সারোয়ার সবাইকে চকলেট দিয়ে ঈদের শুভেচ্ছা জানান এবং সকল প্রবাসীসহ নতুন কলিং ভিসায় আগত শ্রমিকদের কাজ, বেতন ও তাদের বাসস্থান চুক্তিমতো পেয়েছেন কি-না জানতে চান। এ বিষয়ে প্রবাসীরা মিজান ইন্টারট্রেডার্সের প্রতি সন্তুষ্টি জানিয়ে পাসপোর্ট নবায়ন-সংক্রান্ত জটিলত দূরীকরণসহ ই-পাসপোর্ট চালুর আহ্বান জানান রাষ্ট্রদূতের প্রতি।
রাষ্ট্রদূত বলেন,’ পাসপোর্ট নবায়ন জোরদার করা হয়েছে এবং খুব শিগগিরই মালয়েশিয়ায় ই-পাসপোর্ট চালু করা হবে।
তিনি প্রবাসীদের প্রতি বৈধ পন্থায় রেমিট্যান্স পাঠিয়ে নিজ দেশ ও পরিবারকে সমৃদ্ধ করার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনাদের মাথার ঘাম পায়ে ফেলে যে অর্থ উপার্জন করেন, তা অবশ্যই সঠিক পথে ব্যয় করবেন। কারণ সঠিক পথে অর্থ উপার্জন করা যেমন কঠিন, তেমনি আবার ব্যয় করাও কঠিন। আপনাদের পরিবারের চাহিদা মিটিয়ে অবশ্যই প্রতি মাসে যতটুকু সম্ভব ভবিষ্যতের জন্য সঞ্চয় করবেন।’
দাতুক মিজান বলেন, ‘আমি আজ থেকে ২৮ বছর আগে একজন কনস্ট্রাকশন ওয়ার্কার থেকে এই পর্যন্ত আসতে পেরেছি। আমি তাদের কষ্ট বুঝি। আমার কোম্পানিতে কয়েক হাজার বাংলাদেশী কর্মী আছে। আমি তাদের নিজ সন্তানের মতো ভালোবাসি। তাছাড়া আমার কোম্পানিতে শতভাগ বাংলাদেশী কর্মী কাজ করে। মালয়েশিয়ান কর্মকর্তা, প্রকৌশলী ছাড়া অন্য কোনো দেশের কর্মী নেই।’



