পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মো: শরীফ হোসেন। গতকাল বুধবার বিকেলে চেম্বার ভবনে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল বিজয়ী পাঁচজন পরিচালকের নাম ঘোষণা করেন। নির্বাচিত বাকি চারজন হলেন সিনিয়র সহসভাপতি আবু হিরন, সহসভাপতি আব্দুস সামাদ পুলক ও খলিলুর রহমান এবং ট্রেজারার শফিউজ্জামান রুবেল পাটোয়ারী। এর আগে ১৭ পরিচালকের মধ্যে পাঁচটি পদের জন্য পাঁচজন তাদের মনোনয়নপত্র ক্রয় ও দাখিল করেন। ফলে এসব পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তাদের বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন।
এর আগে গত মঙ্গলবার দিনব্যাপী ১৭টি পরিচালক পদে পঞ্চগড় স্টেডিয়ামে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে দু’টি প্যানেলে ২৯ জন প্রার্থী অংশ নেয়। এর মধ্যে ব্যবসায়ী মো: শরীফ হোসেনের নেতৃত্বাধীন গণতান্ত্রিক ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেলের ১৭ প্রার্থীর মধ্যে ১২ জন এবং এ টি এম কামরুজ্জামান শাহানশাহর নেতৃত্বাধীন সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেলের ১১ প্রার্থীর মধ্যে পাঁচজন নির্বাচিত হন। একজন স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেন। এক হাজার ২০ জন ভোটারের মধ্যে ৯৮০ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। অন্য পরিচালকরা হলেন- আবু দাউদ প্রধান, রেজাউল করিম রেজা, শাহাদত হোসেন রঞ্জু, হারুন উর রশিদ বাবু, এ টি এম কামরুজ্জামান শাহানশাহ, নুরুজ্জামান বাবু, হায়াতুন আলম, রায়াহানুল আলম, সোহেল রানা মানিক, নুর জামাল, আবুল কালাম আজাদ ও রাওজুল করিম।