বাংলাদেশে প্রথমবারের মতো ইসলামি অর্থনীতি বিষয়ে কর্মশালা করেছে ইসলামি অর্থনীতির মানদণ্ড প্রণয়ণকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘অ্যাওফি’।
শনিবার (২ ডিসেম্বর) রাজধানী ঢাকার ফার্মগেটে কেআইবি কনভেনশন হলে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। স্থানীয়ভাবে কর্মশালাটির আয়োজন করে বাংলাদেশের শীর্ষ শরিয়া কনসালটেন্সি ফার্ম ‘আইএফএ কনসালটেন্সি লি.’।
আইএফএ কনসালটেন্সি জানিয়েছে, দিনব্যাপী অনুষ্ঠিত “Advancing Innovations in Islamic Finance” শীর্ষক কর্মশালাটি তিনটি সেশনে অনুষ্ঠিত হয়েছে। সেখানে মোট ছয়টি প্রবন্ধ উপস্থাপিত হয়েছে।
সূত্রটি জানিয়েছে, কর্মশালায় সিকিউরিটিজ কমিশন মালয়েশিয়ার ডিপুটি ডিরেক্টর ড. আজলান ইস্কান্দার মির্জা ‘মালায়েশিয়ান ক্যাপিটাল মার্কেটের উদ্ভাবন’ বিষয়ে, আইএফএ কনসালটেন্সি লি.-এর প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আব্দুল্লাহ মাসুম ‘বেঙ্গল ইসলামী লাইফ ইন্সুরেন্স লি. বাংলাদেশের জন্য প্রস্তাবিত ফ্যামেলি তাকাফুল কাঠামো’ বিষয়ে, পাকিস্তানের সেন্ট্রাল ব্যাংকের শরিয়া বোর্ডের চেয়ারম্যান ড. মুফতি ইরশাদ আহমদ ইজায ‘ইসলামিক ফাইন্যান্স ইন্ডাস্ট্রির শরিয়া গভর্নেন্সের চ্যালেঞ্জ’ বিষয়ে, ইসলামি ব্যাংক লি.-এর ভাইস প্রেসিডেন্ট মশিউর রহমান এফসিএ ‘শরিআহ বেইসড ব্যাংকের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ও রিপোর্টিং’ বিষয়ে, আমানাহ প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুফতি ফারাজ আদাম ‘ইউএই ইসলামিক ফাইন্যান্স ইন্ডাস্ট্রিতে ফিনটেক এবং ডিজিটাল ব্যাংকিং-এর ভূমিকা’ প্রসঙ্গে, আইএফএ কনসালটেন্সি লি.-এর সহ প্রতিষ্ঠাতা পরিচালক ও আদল অ্যাডভাইজরী মালয়েশিয়ার পরিচালক ‘মাকাসিদে শারিয়াহ একীভূতকরণ’ প্রসঙ্গে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
সূত্রটি আরো জানায়, প্রতিটি সেশনের জন্য স্বতন্ত্র প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়েছে। সেখানে আলোচক হিসেবে দেশ-বিদেশের ইসলামি ফাইন্যান্স ইন্ডাস্ট্রির নেতৃস্থানীয় ব্যক্তিরাসহ বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
আইএফএসি জানায়, এছাড়াও কর্মশালায় অ্যাওফি রচিত এবং আইএফএ কনসালটেন্সি লি.-এর গবেষণা টিম অনুদিত “কর্মক্ষেত্রে নীতি ও নৈতিকতা” (কোড অব ইথিকস) শীর্ষক অনুবাদকর্মের মোড়ক উন্মোচন হয়েছে। অনুবাদকর্মটি এর আগে বাহরাইনে অনুষ্ঠিত ইসলামি ফাইন্যান্স ক্যাপাসিটি বিল্ডিং ফেস্টিভল উইক-এও উন্মোচিত হয়েছিল।
কর্মশালায় সমাপনী বক্তব্য রাখেন আইএফএ কনসালটেন্সির পরিচালক মুফতি আব্দুল্লাহ মাসুম। এ সময় তিনি প্রাত্যহিক জীনবকে হালালময় করার প্রতি উপস্থিতদের উৎসাহিত করেন। অনুষ্ঠানে দোয়া ও নছিহত পেশ করেন আইএফ এ কনসালটেন্সি লি.-এর উপদেষ্টা মাওলানা আবুল বাশার মোহাম্মাদ সাইফুল ইসলাম। তিনি শরিয়া বেইসড ফাইন্যান্স সম্পর্কে মানুষের জানার আগ্রহকে সাধুবাদ জানান।
দিনব্যাপী এই অনুষ্ঠানে নিয়ন্ত্রক সংস্থা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, একাডেমিয়া, গবেষক, শিক্ষার্থী ও ব্যবসায়ীসহ নানা পেশার প্রায় দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।





