বিশ্ববিখ্যাত ইসলামপ্রচারক ও স্কলার জাকির নায়েককে লালগালিচা সংবর্ধনা দিয়েছে পাকিস্তান। দেশটির সরকারের আমন্ত্রণে সোমবার সকালে তিনি পাকিস্তানের নিউ ইসলামাবাদ বিমানবন্দরে নামার পর এই সংবর্ধনা দেয়া হয় তাকে।
প্রায় এক মাস থাকার পরিকল্পনা নিয়ে পাকিস্তানে এসেছেন জাকির নায়েক। তার ছেলে ফারিক নায়েক, যিনি নিজেও একজন ইসলামিক স্কলার, এ সফরে জাকির নায়েকের সাথে এসেছেন। তার দল টিম জাকির নায়েকের কয়েকজন সদস্যও এসেছেন পাকিস্তানে।
তার আগমন উপলক্ষে নিউ ইসলামাবাদ বিমানবন্দরে জারি করা হয়েছিল কড়া নিরাপত্তাব্যবস্থা। পাকিস্তানের প্রধানমন্ত্রীর যুব কর্মসূচির চেয়ারম্যান রানা মাসুদ, দেশটির ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ আতা-উর-রহমানসহ কয়েকজন উচ্চপদস্থ আমলা তাকে স্বাগত জানানোর জন্য নিউ ইসলামাবাদ বিমানবন্দরে উপস্থিত ছিলেন। পাকিস্তানের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এই এক মাসের সফরে পাকিস্তানের উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তার সাথে বৈঠক করবেন জাকির নায়েক; পাশাপাশি ইসলামাবাদ, করাচি এবং লাহোরে কয়েকটি ধর্মীয় অনুষ্ঠানেও যোগ দেবেন।
জাকির নায়েক পিস টিভি নামের একটি টেলিভিশন চ্যানেল পরিচালনা করতেন। সেখানেই ধর্মসংক্রান্ত আলোচনা করতেন তিনি। যে বছর পিস টিভি নিষিদ্ধ হয়, সেই ২০১৬ সালে বিদেশে অর্থপাচারের অভিযোগে মামলাও হয় তার বিরুদ্ধে। মামলা হওয়ার সময় অবশ্য দেশের বাইরে ছিলেন জাকির নায়েক। মামলার সংবাদ শুনে আর ভারতে ফেরেননি তিনি।