সিরিয়ার শাসক বাশার আল-আসাদকে উৎখাতের জন্য রাশিয়া, তুরস্ক ও ইরান ঐকমত্যে পৌঁছেছে। আর বিরোধী সদস্যদের নিয়ে একটি অন্তর্বর্তী সরকার গঠন করে যুদ্ধবিরতি ঘোষণা করা হবে। রাশিয়ান আন্তর্জাতিকবিষয়ক কাউন্সিল (আরআইএসি) এমনটাই জানিয়েছে।
রাশিয়ান সরকারের সিদ্ধান্ত গ্রহণকারীদের মধ্যে অন্যতম সংস্থা হলো আরআইএসি। তাদের এক প্রতিবেদনে বলা হয়, ফাউন্ডেশন ফর প্রটেকশন অব ন্যাশনাল ভ্যালু নামক একটি রুশ সংস্থা সিরিয়ায় একটি মতামত জরিপ পরিচালনা করে আসছে। এটি রাশিয়ার নিরাপত্তা দফতর এবং প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের কার্যালয়ের সাথে যুক্ত। এটি একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা দেবে। সিরিয়ার জনগণ বাশার আল-আসাদকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায় না; এমন বার্তা দিতে পারে ওই মতামত জরিপ।
সিরিয়ায় সামরিক হস্তক্ষেপ শুরুর পর থেকেই মস্কো বাশার আল-আসাদের পক্ষ নেয়া থেকে দূরে সরে ছিল। সিরিয়ার মানুষই সিদ্ধান্ত নেবে বাশার ক্ষমতায় থাকবেন নাকি থাকবেন না। সিরিয়ায় পরিবর্তন আনতে রাশিয়া আরো গুরুতর সিদ্ধান্ত নিতে যাচ্ছে।
রাশিয়ার তাস সংবাদ সংস্থা জানিয়েছে, রাশিয়া সন্দেহ করছে যে বাশার আল-আসাদ সিরিয়াকে আর নেতৃত্ব দিতে পারছেন না। সিরিয়ার শাসন ব্যবস্থার প্রধান আফগান পরিস্থিতির দিকে টেনে নিয়ে যাচ্ছেন, যা রাশিয়ার পক্ষে অত্যন্ত উদ্বেগজনক।