পূর্ব জেরুসালেমে ফিলিস্তিনিদের ২০০ ভবন ধ্বংস করতে যাচ্ছে ইসরাইল। রোববার এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে দেশটি। সেই আদেশে দশক পুরনো ফিলিস্তিনের মালিকানাধীন ২০০ শিল্প কাঠামো ভেঙে দিতে বলা হয়েছে। ওয়াফা নিউজ এজিন্সি এই তথ্য জানিয়েছে।পূর্ব জেরুসালেমের আরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান কমল ওবেইদাত জানিয়েছেন, ইসরাইলি পরিকল্পনা ও জোনিং কমিটির সুপারিশক্রমে এই আদেশ দেয়া হয়েছে। সেখানে গাড়ি মেরামতের দোকান, রেস্তোরাঁ ও অন্যান্য ভবনসহ ২০০টি কাঠামো ভেঙে ফেলা হবে। শুধু ফিলিস্তিনিদের ঘরগুলো ভেঙে দেয়ার আদেশ দেয়া হয়েছে।
এই ধরনের আদেশকে বর্ণবাদী আখ্যা দিয়ে ওবেইদাত বলেছেন, ইসরাইল এই এলাকায় নিজেদের বাড়ি বা বিল্ডিং তৈরি করার জন্য ফিলিস্তিনিদের ভবনগুলো ভাঙার আদেশ দিয়েছে। পূর্ব জেরুসালেমের এই অঞ্চলটিতে তিন লাখের মতো ফিলিস্তিনি বসবাস করেন। জেরুসালেম মিউনিসিপালিটির এক মুখপাত্র বলেন, ইসরাইলের ‘বিল্ডিং প্রকল্প’র অংশ হিসেবে ভবনগুলো ভেঙে ফেলা হচ্ছে।