অবশেষে বরফ গলছে পাকিস্তান-সৌদি আরব সম্পর্কের। নানা ঘটনার পর আবার ঘনিষ্ঠতা বৃদ্ধি পেয়েছে এই দুই দেশের। তারই ধারাবাহিকতায় আগামী মার্চে পাকিস্তান সফরে আসতে পারেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তার এ সফর দীর্ঘ প্রতীক্ষিত। সফরের তারিখ চূড়ান্ত করতে আলোচনা চলছে দু’দেশের মধ্যে। আগামী ২৩ মার্চ পাকিস্তানে জাতীয় দিবস। এই দিবসের প্যারেডে গেস্ট অব অনার হিসেবে ক্রাউন প্রিন্সের উপস্থিতি খুব বেশি প্রত্যাশা করছে পাকিস্তান।
এ নিয়ে উভয়পক্ষ একে অন্যের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে। যদি ক্রাউন প্রিন্স এ সফরে পাকিস্তান আসেন তাহলে তিন বছরের মধ্যে এটা হবে তার দ্বিতীয় সফর। এর আগে জম্মু-কাশ্মিরের পুলওয়ামা হামলার মাত্র কয়েক দিনের মধ্যে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ পাকিস্তান সফর করেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ওই পুলওয়ামা হামলার ফলে পারমাণবিক অস্ত্রধর দুই রাষ্ট্র ভারত ও পাকিস্তানকে একটি যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। ওই সফরে বিমানবন্দরে পৌঁছলে ক্রাউন প্রিন্সকে নিজে গাড়ি চালিয়ে তার অফিসে নিয়ে গিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
এতে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ এই দুই নেতার আন্তরিকতা কতটুকু তা ফুটে উঠেছে। ২০১৮ সালে পাকিস্তানে নতুন সরকার গঠন করে ইমরান খানের পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) দল। ইমরান খানের সরকারকে উঠে দাঁড়াতে পাকিস্তানকে বড় অঙ্কের আর্থিক বেইলআউট প্যাকেজ অনুমোদন করে সৌদি আরব।



