রাশিয়া অভিযোগ করেছে, পাকিস্তানে ‘নির্লজ্জ হস্তক্ষেপ’ করছে যুক্তরাষ্ট্র। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ অভিযোগ করেন। তিনি বলেন, পাকিস্তানের ঘটনাবলিতে সন্দেহের কোনো অবকাশ নেই যে যুক্তরাষ্ট্র ‘অবাধ্য’ প্রধানমন্ত্রী ইমরান খানকে শাস্তি দিতে চায়। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্যু করা বিবৃতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে উৎখাত করার জন্য ষড়যন্ত্রে জড়িত থাকার জন্য রূঢ়ভাবে যুক্তরাষ্ট্রের সমালোচনা করা হয়।
এতে বলা হয়, পাকিস্তানের বিরোধী দলগুলো পাশ্চাত্যের পরাশক্তিটির সাথে আঁতাত করছে। মুখপাত্র মারিয়া বলেন, যুক্তরাষ্ট্র তার নিজস্ব ‘স্বার্থ ও উদ্দেশ্য হাসিলে’র জন্য পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে ‘নির্লজ্জ হস্তক্ষেপ’ করছে। তিনি দাবি করেন, ২৩ ফেব্রুয়ারি মস্কোতে প্রধানমন্ত্রী ইমরান খানের সফরের কারণেই জাতীয় পরিষদে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে।
বিবৃতিতে ক্ষমতাসীন পিটিআইয়ের দাবিটিও উল্লেখ করা হয়। এতে দক্ষিণ এশিয়াবিষয়ক মার্কিন ডেপুটি সেক্রেটারির ভূমিকার কথা উল্লেখ করা হয়। প্রধানমন্ত্রীর ওপর ‘রূঢ় চাপ’ প্রয়োগ এবং আলটিমেটাম দাবি করার জন্য যুক্তরাষ্ট্র ও পাশ্চাত্যের দেশগুলোকে অভিযুক্ত করে রাশিয়া।
এ দিকে গালফ নিউজ জানায়, ইউক্রেনে অভিযানের কারণে রাশিয়ার ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা। এর বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ হিসেবে ‘কিছু অবন্ধুসুলভ রাষ্ট্রের’ ভিসা ব্যবস্থার এক ডিক্রি সই করেছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। ডিক্রি অনুযায়ী ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), কয়েকটি রাষ্ট্র ও কিছুসংখ্যক বিদেশী নাগরিকের অবন্ধুত্বপূর্ণ পদক্ষেপের প্রতিক্রিয়ায়, জরুরি ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা থেকে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে, ইইউ, নরওয়ে, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইজারল্যান্ড এবং লিখটেনস্টাইনের সাথে ভিসা-সুবিধা চুক্তির কয়েকটি ধারা স্থগিত করেছে রাশিয়া। এসব দেশ ইউক্রেনে সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল।



