পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একটি বাণিজ্যিক যাত্রীবাহী ভ্যানে বিস্ফোরণে অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩ জন চীনা নাগরিক বলে জানিয়েছে জিয়ো নিউজ। এ ঘটনায় আরো অন্তত তিনজন গুরুতর আহত হন। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা যায় বিস্ফোরণের পর একটি সাদা হায়েস ভ্যান সম্পূর্ণ পুড়ে গেছে। তবে গাড়িটিতে ঠিক কতজন যাত্রী ছিল সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পরপরই উদ্ধারকারীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। এখন বিস্ফোরণের ধরন সম্পর্কে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রাথমিক তদন্ত চলছে।
পুলিশ সূত্রে খবর, যে গাড়িতে বিস্ফোরণ হয়েছে তার মধ্যে ৭-৮ জন ছিলেন। তবে ঠিক কত জনের মৃত্যু হয়েছে সে সংখ্যা এখনও স্পষ্ট নয়। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। করাচি পুলিশের ডিআইজি মুকাদ্দাস হায়দার জানিয়েছেন, একটি সাদা গাড়িতে করে কয়েকজন হোস্টেল থেকে কনফুসিয়াস ইনস্টিটিউটের দিকে যাচ্ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ঢুকতেই সেটি বিস্ফোরণ হয়। কীভাবে বিস্ফোরণ হল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।