ভারতীয় চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) তথা দূতকে তলব করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে ‘ডিলিমিটেশন কমিশন’ বা সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত রিপোর্টের বিষয়ে তাকে তলব করা হয়। একই সাথে ভারত সরকারের এই উদ্যোগের বিষয়ে পাকিস্তান সরকারের অবস্থানবিষয়ক চিঠি (ডিমার্চ) ধরিয়ে দেয়া হয়েছে ওই দূতের হাতে। বৃহস্পতিবার, ৫ মে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় ভারতীয় ওই প্রতিনিধিকে।
‘ডিলিমিটেশন কমিশন’ এর রিপোর্ট স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান সরকার। ইসলামাবাদ মনে করে, ভারত সরকারের এই পদক্ষেপের লক্ষ্য, অবৈধভাবে দখলকৃত জম্মু ও কাশ্মিরের মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীকে ভোটাধিকার বঞ্চিত এবং ক্ষমতাহীন করা। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তাদের এই পদক্ষেপটি প্রহসনমূলক এবং ইতোমধ্যেই জম্মু-কাশ্মিরের রাজনৈতিক দলগুলো সেটা প্রত্যাখ্যান করা হয়েছে। ‘এই প্রচেষ্টার মাধ্যমে ভারত ২০১৯ সালের ৫ আগস্টের বেআইনি কর্মকে (জম্মু-কাশ্মির রাজ্যের মর্যাদা বাতিল) বৈধতা দিতে চেয়েছে।’



