পাকিস্তানে আবারো আগাম নির্বাচনের দাবি করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান। বুধবার রাতে দেয়া এক ভাষণে তিনি বলেছেন, শুধু আগাম নির্বাচনই পাকিস্তানের অর্থনৈতিক ও রাজনৈতিক সঙ্কটের অবসান ঘটাতে পারে।
তিনি আরো বলেছেন, পাকিস্তান আজ যে অর্থনৈতিক সঙ্কটের মুখোমুখি হচ্ছে তা থেকে দেশকে রক্ষা করবে সময়মতো একটি নির্বাচন।
পাকিস্তানের পার্লামেন্টে আস্থা ভোটে পরাজিত হয়ে কয়েক মাস আগে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়েছিলেন ইমরান খান। মূলত নিজ দলের প্রায় দুই ডজন এমপির দলত্যাগের পর ইমরান সরকারের পতন ত্বরান্বিত হয়। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই পাকিস্তানজুড়ে বড় বড় শহরগুলোর পাশাপাশি মফস্বল এলাকাগুলোতেও একের পর এক সমাবেশ করে চলেছেন সাবেক এই তারকা ক্রিকেটার। এসব সমাবেশে পিটিআই নেতাকর্মীসহ সাধারণ মানুষের উপস্থিতি ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো এবং সেখানে তিনি বরাবরই আগাম নির্বাচনের দাবি জানিয়ে আসছেন। এসব সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচিতে পিটিআই সরকারকে ক্ষমতা থেকে সরানোর পেছনে বরাবরই বিদেশী ষড়যন্ত্রকে দায়ী করেছেন ইমরান। একই সাথে শাহবাজ শরীফের নেতৃত্বাধীন পাকিস্তানের বর্তমান সরকারকে ‘আমদানিকৃত সরকার’ বলেও অভিযুক্ত করে আসছেন তিনি।