ময়মনসিংহের ত্রিশাল বাজারের মাদরাসা রোড এলাকায় সরকারি খাস জমিতে ত্রিশাল উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা একটি ভবন নির্মাণ করে সেটাকে সমিতির কার্যালয় হিসেবে গত দুই যুগ ধরে ব্যবহার করে আসছিলেন। কিন্তু ওই খাস জমিটি একটি দলিল সৃজন করে লোকবল নিয়ে শুক্রবার রাতে দখলে নেন স্থানীয় এক প্রভাবশালী। গত মঙ্গলবার উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সমিতির কার্যালয়ের সামনে অবস্থান নিলে ১ নম্বর খাস খতিয়ানের সরকারি ওই সম্পত্তি দখলমুক্ত করে উপজেলা প্রশাসন।
জানা যায়, ত্রিশাল মৌজার ত্রিশাল বাজার এলাকায় ১ নম্বর খাস খতিয়ানের ২০৫৯ নম্বর দাগে ১৯৭৮ সালে সাড়ে তিন শতাংশ জমি মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের পক্ষে লিজ নেন শহীদ মুক্তিযোদ্ধা এ বি এম আবদুর সবুরের ছেলে নকীব হাসান। এরপর দীর্ঘ দিন জায়গাটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল।
১ নম্বর খাস খতিয়ানের সরকারি ওই সম্পত্তি দখলমুক্ত করতে ঘটনাস্থলে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসান আবদুল্লাহ আল মাহমুদ।
তবে জমির মালিকানা দাবি করে এ বি এম ইব্রাহিম খলিল রহিম বলেন, আমি আদালতের রায় পেয়েছি। সেই অনুযায়ী আমার জায়গা আমি দখল করে বুঝে নিয়েছি। শিক্ষক সমিতি এই জমিতে ভাড়াটিয়া ছিল।