পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে শাহবাজ শরিফকে অযোগ্য ঘোষণা করতে দেশটির সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছে। পাকিস্তানের সংবিধানের আর্টিকেল ৬২ (১)(এফ) এর অধীনে এই আবেদন দাখিল করা হয়। পাকিস্তানে বিরোধী রাজনৈতিক দল ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) নেতা আন্দলিব আব্বাস এবং হাসান নিয়াজি আইনজীবী অ্যাডভোকেট আসাদ মঞ্জুর বাটের মাধ্যমে সুপ্রিম কোর্টে আবেদনটি দায়ের করেছেন।
আবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তার বিদেশ সফরের সময় আদালতকতৃক ঘোষিত অপরাধী এবং দোষী সাব্যস্ত ব্যক্তিদের সাথে বৈঠকে মিলিত হয়েছেন। এতে আরো বলা হয়েছে, পাকিস্তানের একটি জবাবদিহি আদালত ইতঃপূর্বে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরিফকে ১০ বছরের কারাদণ্ড এবং ৮০ লাখ রুপি জরিমানা করেছে।



