কোভিড সংক্রমণের ঊর্ধ্বগতি নিয়ে চীনের সাথে আলোচনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শুক্রবার উচ্চ পর্যায়ের এক বৈঠকে মিলিত হন উভয় পক্ষের কর্মকর্তারা।
শনিবার ডব্লিউএইচওর এক বিবৃতিতে বলা হয়েছে, বিদ্যমান পরিস্থিতি সম্পর্কে আরো তথ্য অনুসন্ধান এবং আরো সহায়তা দেয়ার জন্য এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিবৃতিতে বলা হয়, চীনের ন্যাশনাল হেলথ কমিশন এবং ন্যাশনাল ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তারা ডব্লিউএইচওকে ‘এপিডেমিওলজি, ভ্যাকসিনেশন, ক্লিনিক্যাল কেয়ার, কমিউনিকেশন এবং আরঅ্যান্ডডির ক্ষেত্রে চীনের ক্রমবর্ধমান কৌশল ও পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন।
সম্প্রতি নতুন করে কোভিডে দৈনিক শনাক্তের সংখ্যা আর প্রকাশ না করার ঘোষণা দিয়েছে চীন। দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের (এনএইচসি) তরফে এই ঘোষণা দেয়া হয়েছে।
গত তিন বছর ধরে দৈনিক শনাক্তের সংখ্যা প্রকাশ করে আসছিল জাতীয় স্বাস্থ্য কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গত ২৫ ডিসেম্বর থেকে আর এই তথ্য প্রকাশ করছে না তারা। এই সিদ্ধান্তের ফলে দেশটিতে সংক্রমণের তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে।
শুক্রবারের বৈঠকে চীনের প্রতি ফের মহামারী সংক্রান্ত পরিস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট এবং রিয়েল-টাইম ডেটা নিয়মিতভাবে শেয়ার করার আহ্বান জানিয়েছে ডব্লিউএইচও।