লন্ডনে চার বছরের স্বেচ্ছা নির্বাসন শেষ করে শনিবার পাকিস্তানে ফিরেছেন দেশটির তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। সাধারণ নির্বাচনের তিন মাস আগে দেশে ফিরছেন দুর্নীতির দু’টি মামলায় ১৪ বছর কারাদণ্ড পাওয়া শরিফ। তিনি কি দেশটির আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেবেন? দেশে ফেরার সাথে সাথে যেন তাকে গ্রেফতার করা না হয় সে জন্য আদালতে আবেদন করেছিলেন তিনি। বৃহস্পতিবার আদালত তাকে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত গ্রেফতার না করার নির্দেশ দিয়েছে। ওই দিন আদালতে নওয়াজ শরিফের হাজিরা দেয়ার কথা রয়েছে।
পাকিস্তানে ফিরে এক বক্তৃতায় পিএমএল-এন সুপ্রিমো দেশের ভয়াবহ অর্থনৈতিক সঙ্কটের জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি দেশকে প্রকৃদ্ধির পথে পুনঃনির্দেশিত করার প্রতিশ্রুতি দিয়েছেন ২০১৭ সালে শেষবার ক্ষমতাচ্যুত হন নওয়াজ শরিফ। এরপর সাজাপ্রাপ্ত হয়ে ২০১৯ সালে লন্ডন চলে গিয়েছিলেন। আদালত তাকে চিকিৎসাসেবা নিতে সীমিত সময়ের জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছিল। লন্ডনে থেকেই নওয়াজ শরিফ ২০১৮ সালের নির্বাচনের পর প্রধানমন্ত্রী হওয়া ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং সফল হন। ফলে ২০২২ সালে ক্ষমতাচ্যুত হন ইমরান খান।



