দেশে বিচারব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। আরেক সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দেশে ফেরার বেশ ছয় দিন পর তাকে নিয়ে কড়া সমালোচনা করেছেন ইমরান। তিনি বলেছেন, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএলএন) প্রধান নওয়াজ শরীফের দেশে ফেরা হলো লন্ডন ‘চুক্তির’ বাস্তবায়ন।
আদিয়ালা জেল থেকে পরিবারের সদস্যদের মাধ্যমে ২৪ অক্টোবর এ বিষয়ে বিবৃতি দেন তিনি। কিন্তু তা শুক্রবার ইমরান খানের অফিসিয়াল এক্স একাউন্টে (সাবেক টুইটার) প্রকাশ করা হয়। দেশে উদ্ভূত পরিস্থিতিকে তিনি আইনের সাথে মস্করা বলে অভিহিত করেন। ওই একাউন্টে তিনি বলেছেন- প্রিয় পাকিস্তানিরা! কয়েক দিন ধরে আমরা আইনের সাথে পুরোপুরি মস্করা প্রত্যক্ষ করছি। এখন যা ঘটছে তার পুরোটাই লন্ডন ‘পরিকল্পনা’ নয়, তা হলো লন্ডন ‘চুক্তি’। এই চুক্তি স্বাক্ষর করেছে কাপুরুষের মতো পলাতক, দুর্নীতিবাজ অপরাধী ও তাকে সুবিধা দেয়া পক্ষ। উল্লেখ্য, গত ২১ অক্টোবর লন্ডনে সেচ্ছা নির্বাসন থেকে চার বছর পর দেশে ফেরেন নওয়াজ শরীফ।
তিনি বিদেশে থাকা অবস্থায়ই তাকে দু’টি দুর্নীতির মামলায় জামিন দেয়া হয়েছে। আরেকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্থগিত করা হয়েছে। তাকে এই সুবিধা দেয়ার কড়া সমালোচনা করেন ইমরান খান। তিনি বলেন, একজন সাজাপ্রাপ্ত অপরাধীকে শুধু তখনই রাজনীতিতে ফেরার সুযোগ দেয়া যেতে পারে, যখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেয়া হয়। আমরা প্রত্যক্ষ করছি, আমাদের বিচার বিভাগকে এভাবেই পুরোপুরি ধ্বংস করে দেয়া হয়েছে। তিনি আরো বলেন, আমার বিরুদ্ধে যেসব মামলা দেয়া হয়েছে তা পুরোপুরি ভুয়া এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমাকে হয়তো জেলে আটকে রাখবে নির্বাচনের পর অথবা আরো বেশি সময়। রুদ্ধদ্বার বৈঠকে যেসব ষড়যন্ত্র হচ্ছে তার বিরুদ্ধে রাজনৈতিক সচেতনতা ও প্রতিরোধ বৃদ্ধি পাচ্ছে। এসব তাদেরকে ভীত করে তুলেছে।
জেলে ইমরান খান ভালো আছেন জানিয়ে লিখেছেন, বর্তমানে শারীরিক দিক দিয়ে সুস্থ আছি। তবে তিনি আশঙ্কা করেন, এর আগে যেমন তার জীবনের ওপর আঘাত এসেছিল, তেমনি জেলে তাকে বিষ প্রয়োগ করা হতে পারে। তবু আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। দলীয় নেতাকর্মীদের নির্বাচনী প্রচারণা শুরু করার পরামর্শ দিয়েছেন।
বিষ প্রয়োগ করা হতে পারে বলে আশঙ্কা
বিচারব্যবস্থা ধ্বংস করে দেয়া হয়েছে : কারাগার থেকে ইমরান
দেশে বিচারব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। আরেক সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দেশে...



