ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে রক্তপাত বন্ধ করার দায়িত্ব তুরস্কের। তুর্কিয়ে প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান এমন মন্তব্যই করেছেন। তিনি বলেছেন, ইসরাইলের নিপীড়ন থেকে ফিলিস্তিনিদের বাঁচানোর দায়বদ্ধতা রয়েছে তুরস্কের।
রোববার তুরস্কের কৃষ্ণসাগর তীরবর্তী প্রদেশ রিজে বক্তৃতাকালে প্রেসিডেন্ট এরদোগান গাজায় ইসরাইলি আগ্রাসন নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখের সামনেই গাজায় যে রক্তপাত হচ্ছে তা বন্ধ করা আমাদের দায়িত্ব।’ ফিলিস্তিনি জনগণের জন্য তুরস্কের প্রচেষ্টা সম্পর্কে এরদোগান বলেন, ‘বর্তমানে যা কিছু দৃশ্যমান আমরা তার চেয়ে বেশি করছি এবং সেটি চালিয়ে যাবো।’
তিনি প্রতিশ্রুতি দেন, তুরস্ক কখনোই গাজার ভাই ও বোনদের পরিত্যাগ করবে না। তার ভাষায়, ‘(গাজায়) এই অনৈতিক, নীতিহীন, ঘৃণ্য গণহত্যাকে সমর্থনকারীদের অপরাধের বিরুদ্ধে সরব হওয়াটা আমাদের ঐতিহাসিক দায়িত্ব।’