পাকিস্তানের আসন্ন জাতীয় নির্বাচন যদি সুষ্ঠু ও স্বচ্ছ না হয়, তাহলে সেই নির্বাচন বর্জনের হুমকি দিয়েছেন দেশটির অন্যতম বৃহৎ রাজনৈতিক দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান ও দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। সোমবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের নওশেরা জেলায় পিপিপির এক সমাবেশে বক্তৃতা দেয়ার সময় বিলাওয়াল বলেন, আমার কাছে খবর এসেছে যে পাকিস্তানের একটি জনপ্রিয় দল নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের (সামরিক বাহিনী) সাথে গোপনে সমঝোতা করতে চাইছে। যদি তেমন হয়, সে ক্ষেত্রে নির্বাচনের ফলাফল আগেই নির্ধারিত হয়ে যাবে। পাকিস্তানের জনগণ সেই নির্বাচন মেনে নেবে না। নির্বাচন যদি স্বচ্ছ ও সুষ্ঠু না হয়, সে ক্ষেত্রে জনগণ তীব্র আন্দোলন গড়ে তুলবে। নিজ বক্তব্যে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ করেননি পিপিপি চেয়ারম্যান; তবে ‘জনপ্রিয় দল’ বলতে যে তিনি পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) বা পিএমএলএনকে বুঝিয়েছেন, তা স্পষ্ট।