ফিলিস্তিনি বেসামরিকদের বিরুদ্ধে বর্বরতার কারণে ইসরাইল রাষ্ট্রকে বিলুপ্ত করার আহ্বান জানিয়েছেন জাতিসঙ্ঘের প্রাক্তন অস্ত্র পরিদর্শক স্কট রিটার। বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। এক্স-এ পোস্ট করা একটি বার্তায় রিটার বলেন, ‘ইসরাইলমুক্ত বিশ্ব আরো ভালো হবে।’ তিনি বলেন, ‘ইসরাইলি সৈন্যরা একটি হাসপাতালে বুলডোজার চালিয়ে নিরীহ বেসামরিক নাগরিক, রোগী এবং চিকিৎসাকর্মীদের পিষে ফেলা দেখার পর আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে ইসরাইল ছাড়া হয়তো পৃথিবী আরো ভালো হবে।’ ফিলিস্তিনের নাগরিক হিসেবে শান্তিতে বসবাস করতে ইহুদিদের স্বাগত জানানো হবে। কিন্তু আমরা এখন বলতে পারি যে ইসরাইলিদের চলে যাওয়ার সময় হয়েছে।’

যুদ্ধের শুরুতে গাজাকে সম্পূর্ণ অবরোধ করে ইসরাইল। তারপর থেকে মিসরের সাথে রাফাহ সীমান্ত ক্রসিং দিয়ে সীমিতসংখ্যক সাহায্য ট্রাক এবং এই সপ্তাহে তার নিজস্ব কেরাম শালোম ক্রসিং দিয়ে সাহায্য ট্রাক যাওয়ার অনুমতি দিয়েছে। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বলেছে যে ‘বুধবার জর্দান থেকে কেরেম শালোম ক্রসিংয়ের মাধ্যমে প্রথম সরাসরি খাদ্য সরবরাহ করেছে। সংস্থাটি এই অঞ্চলের ‘অনাহারের ঝুঁকি’ সম্পর্কে আগে থেকেই সতর্ক করেছে। জ্বালানি, পানি ও চিকিৎসা সরবরাহও দুস্প্রাপ্য। চারদিকে রোগ ছড়িয়ে পড়েছে এবং যোগাযোগ বারবার বিচ্ছিন্ন হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরাইলি হামলার কারণে গাজার স্বাস্থ্যসেবাব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে।