পাকিস্তানে আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় নির্বাচন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনকে ঘিরে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে রাজনৈতিক সহিংসতার আশঙ্কা রয়েছে। তবে সেনাবাহিনী দেশে কোনো ধরনের রাজনৈতিক সহিংসতা হতে দেবে না জনিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। এ দিকে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা আগামী ৮ ফেব্রুয়ারি নির্ধারিত ‘অসাধারণ গণতান্ত্রিক অনুশীলনে’ নাশকতার যেকোনো প্রচেষ্টাকে ব্যর্থ করার সঙ্কল্প করেছেন বলে বুধবার জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর মিডিয়া উইং।
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের সেনা সদর দফতরে অনুষ্ঠিত কর্পস কমান্ডার সম্মেলনে এটি জানানো হয়। আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশন্সের (আইএসপিআর) জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, সেনাপ্রধান (সিওএএস) জেনারেল সৈয়দ আসিম মুনিরের সভাপতিত্বে এই ফোরামে সাধারণ নির্বাচন শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে পাকিস্তানের নির্বাচন কমিশনকে (ইসিপি) সহায়তা করার জন্য সেনাবাহিনী মোতায়েন নিয়ে আলোচনা করা হয়েছে।



