পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশিকে পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)। পাকিস্তানের সাধারণ নির্বাচন ৮ ফেব্রুয়ারি। এর ঠিক চার দিন আগে ৬৭ বছর বয়সী এই রাজনীতিককে নির্বাচনে অযোগ্য ঘোষণা করল ইসিপি।
জানা গেছে, গত ৩০ জানুয়ারি রাষ্ট্রীয় নথি ফাঁসের মামলায় (সাইফার মামলা) দোষী সাব্যস্ত হওয়ায় পিটিআইয়ের প্রতিষ্ঠাতা প্রধান ইমরান খান ও বর্তমান ভাইস চেয়ারম্যান মাহমুদ কোরেশিকে ১০ বছর করে কারাদণ্ড হয়। এই সাজার কথা উল্লেখ করেই রোববার পাকিস্তানি সংবিধানের ৬৩(১)(এইচ) ধারা অনুযায়ী কোরেশিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করল ইসিপি।
২০২৪ সালের ৩০ জানুয়ারি বিশেষ আদালতের রায়ের উদ্ধৃতি দিয়ে ইসিপি বলেছে, সংবিধান ও আইন অনুসারে, কোনো দোষী সাব্যস্ত ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না। ফলে শাহ মাহমুদ কোরেশি নির্বাচন আইনের ২৩২ ধারায় অযোগ্য বিবেচিত হয়েছেন। এর আগে গত বছরের ৫ আগস্ট রাষ্ট্রীয় উপহার বিক্রিসংক্রান্ত দুর্নীতির মামলায় দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ৩ বছরের কারাদণ্ড হয়। এরপর তাকে নির্বাচনে ৫ বছরের জন্য অযোগ্য ঘোষণা করেছিল ইসিপি। তবে রাষ্ট্রীয় দমন-পীড়ন সত্ত্বেও ইমরান খানের রাজনৈতিক দল পিটিআই নেতারা দলীয় প্রতীক ‘ব্যাট’ ছাড়াই স্বতন্ত্রভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।