প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান বলেছেন, তুরস্ক এবং মিসর গাজায় রক্তপাত বন্ধ করে সহযোগিতা করতে প্রস্তুত। কায়রোতে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সাথে একটি যৌথ সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, গাজায় চলমান মানবিক সঙ্কট তাদের আলোচনার শীর্ষে রয়েছে।
তিনি উল্লেখ করেন, ইসরাইলি হামলায় ধ্বংস হওয়া গাজা পুনর্গঠনে দুই দেশ প্রস্তুত রয়েছে। তিনি আরো বলেন, গাজায় ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে বিতাড়িত করার জন্য ইসরাইলের প্রচেষ্টা ‘ব্যর্থ’ হয়েছে। তিনি বলেন, ইসরাইলের চেষ্টার বিরুদ্ধে মিসরের অবস্থানকে আমরা স্বাগত জানাই। তারা উভয়েই গাজায় মানবিক সহায়তা দেয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন। যেখানে ১৫ লাখের বেশি মানুষ মারাত্মক মানবিক বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে।
এরদোগান বলেন, তিনি কায়রোতে ফিরে আসতে পেরে খুশি হয়েছেন। তিনি বলেন, তারা প্রেসিডেন্ট পর্যায়ে তুর্কি-মিসর সম্পর্ক আরো জোরদার করার পদক্ষেপ নিয়েছে। তিনি আরো বলেন, দুই দেশ শক্তি ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা করছে। আল-সিসিও মিসর এবং তুরস্কের মধ্যে ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সম্পর্কের প্রশংসা করেছেন। তিনি বলেন, আমরা দুই দেশের সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে গর্বিত।