পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিএমএল-এনের সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফ দেশটির বিচার বিভাগ ও সামরিক বাহিনীর কিছু লোকের তীব্র সমালোচনা করেছেন। তাকে ক্ষমতাচ্যুত করায় দেশ অনেকখানি পিছিয়ে গেছে বলেও তিনি দাবি করেন।
বুধবার ইসলামাবাদে পিএমএল-এনের পার্লামেন্টারি দলের বৈঠকের পর দেয়া এক ভাষণে নওয়াজ শরিফ বলেন, ‘যারা আমাকে ক্ষমতাচ্যুত করেছিল তারা আজ কোথায়? সাকিব নিসার আজ কোথায়?’ তিনি দাবি করেন, তাকে সরিয়ে দেয়ার ফলে দেশ অনেক পিছিয়ে গেছে। নইলে এতদিনে পাকিস্তান একটি বড় আঞ্চলিক শক্তি হিসেবে নাম লিখাতে পারত। নওয়াজ শরিফ পিটিআই-এর উত্থানের জন্যও বিচার বিভাগ ও সামরিক বাহিনীকে দায়ী করেন। এই ঘটনার সাথে জড়িত বিভাগ দু’টির কর্তাব্যক্তিদের তিনি ‘পাকিস্তানের অপরাধী’ হিসেবে আখ্যা দেন। তিনি আরো বলেন, ‘পিটিআই-কে চাপিয়ে দিয়ে আপনি আমাকে নিপীড়ন করেননি বরং পাকিস্তানের জনগণকে নিপীড়ন করেছেন। কারণ তারা যুক্তিতে বিশ্বাস করে না।’ তবে ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর পাকিস্তানের কোয়ালিশন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিজের ভাই শাহবাজ শরিফের নেতৃত্বের প্রশংসা করেন নওয়াজ শরিফ।