রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গ্রেফতার করার জন্য মেক্সিকোর প্রতি অনুরোধ জানিয়েছে ইউক্রেন। ৭ আগস্ট, বুধবার মেক্সিকোতে অবস্থিত ইউক্রেনীয় দূতাবাস বলেছে, দেশটির নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউমের অভিষেক অনুষ্ঠানে পুতিন যোগ দিতে আসলে তাকে যেন গ্রেফতার করা হয়।
ইউক্রেনীয় দূতাবাস এক্সে দেয়া এক বিবৃতিতে বলেছে, ‘আমরা বিশ্বাস করি মেক্সিকান সরকার যেকোনো পরিস্থিতিতেই আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা মেনে চলবে। তারা পুতিনকে হেগে জাতিসঙ্ঘের বিচারবিভাগীয় সংস্থার কাছে হস্তান্তর করবে।’
এর একদিন আগে মস্কোতে অবস্থিত মেক্সিকান দূতাবাস রাশিয়ান দৈনিক ইজভেস্তিয়াকে নিশ্চিত করেছে যে, পুতিনকে মেক্সিকোর নির্বাচিত প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউমের অভিষেকে যোগ দেয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তিনি এই অনুষ্ঠানে নিজে অংশগ্রহণ করবেন নাকি অন্য কোনো প্রতিনিধি পাঠাবেন সে বিষয়টি জানা যায়নি। ইউক্রেনের দূতাবাসের বিবৃতিতে আরো বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গত বছর পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ইউক্রেন থেকে শিশুদের অপহরণের জন্য তাকে দোষী সাব্যস্ত করে এটি জারি করা হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এই লজ্জাজনক অপরাধের পাশাপাশি ইউক্রেনে আগ্রাসনের জন্য পুতিন এবং তার দোসরদের বিচারের মুখোমুখি হতে হবে। উল্লেখ্য, ১ অক্টোবর মেক্সিকোর নবনির্বাচিত প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউমের অভিষেক অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য পুতিনের পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও আমন্ত্রণ জানানো হয়েছে।



