পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ভয়াবহ বন্যায় ২৭৩ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন আরো সাত লক্ষাধিক মানুষ। অবিরাম বর্ষণের জেরে দেশটিতে সম্প্রতি এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এ ছাড়া এই বন্যায় হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিপুলসংখ্যক এসব মানুষের হয় পানিতে ডুবে বা ঘরবাড়ি ধসে তাদের মৃত্যু হয়েছে বলে বৃহস্পতিবার দেশটির সরকারের একটি বিবৃতিতে বলা হয়েছে। পশ্চিম আফ্রিকার এই দেশটির সাধারণ নাগরিক সুরক্ষা অধিদফতর জানিয়েছে, বন্যায় ৯৪ হাজার ৭৮৩টি পরিবারের ৭ লাখ ১০ হাজার ৭৬৭ জন লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ৭৩ হাজার ৫৮২টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নাইজারের অধিদফতর বন্যায় হওয়া অন্যান্য উপাদানগত ক্ষয়ক্ষতির তথ্যও সামনে তুলে ধরেছে। তাহুয়া এবং মারাদির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুই এলাকায় যথাক্রমে ৮৭ ও ৮৬ জনের প্রাণহানি ঘটেছে।