চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তান সংঘাতে জড়িয়ে পড়লে সে সময় যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করেছিল বলে জানিয়েছেন মার্কিন পরারাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী এই দুই দেশের মধ্যে যুদ্ধ বন্ধ করেছিলেন।
শুক্রবার (৮ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এর আগে, বৃহস্পতিবার ইডব্লিউটিএন-এর ’দ্য ওয়ার্ল্ড ওভার’ অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, ট্রাম্প শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং নিজেকে ‘শান্তিকামী প্রেসিডেন্ট’ হিসেবে তুলে ধরতে চান।
তিনি বলেন, ‘আর তাই আমরা যখন দেখেছি ভারত ও পাকিস্তান সংঘাতে জড়িয়ে পড়েছে, তখন আমরা সরাসরি জড়িত হই। প্রেসিডেন্ট সেই শান্তি নিশ্চিত করতে সক্ষম হয়েছেন।’
মার্কিন এই নেতা আরো বেশ কিছু সংঘাতের কথা উল্লেখ করে বলেন, ট্রাম্প এসব সংঘাত বন্ধে সহায়তা করেছেন। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের নাগরিকরা এই উদ্যোগগুলোতে গর্বিত।
রুবিও বলেন, ‘সম্প্রতি কম্বোডিয়া ও থাইল্যান্ড, আজারবাইজান ও আর্মেনিয়া, ডিআরসি (কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র) ও রুয়ান্ডা- যেখানে ৩০ বছরের যুদ্ধে ৭০ লাখ মানুষ নিহত হয়েছে- আমরা সেখানে তাদের চুক্তি করাতে সক্ষম হয়েছি।‘
তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র আরো শান্তি আনার চেষ্টা করছে। এর মধ্যে সবচেয়ে বড়টি হচ্ছে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধের অবসান।
গত ১০ মে থেকে ট্রাম্প বারবার দাবি করে আসছেন, তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমাতে সাহায্য করেছিলেন। তিনি দুই প্রতিবেশী দেশকে বলেছিলেন, যদি তারা সংঘাত থামায় তাহলে যুক্তরাষ্ট্র তাদের সাথে বড় আকারে বাণিজ্য চুক্তি করবে।
তবে ভারত ট্রাম্পের দাবি অস্বীকার করেছে। ভারতের মতে, যুদ্ধবিরতি মার্কিন মধ্যস্থতায় নয় বরং ভারত-পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে আলোচনার মাধ্যমেই সম্পন্ন হয়েছে।






