মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা অব্যাহত রাখায় ভারতের ওপর আরো ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। একই কারণে এবার চীনের ওপরও বাড়তি শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি। বুধবার (৬ আগস্ট) ট্রাম্প বলেছেন, পরিস্থিতি বিবেচনা করে তিনি চীনের ওপর আরো শুল্ক আরোপের ঘোষণা দিতে পারেন।
ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার জন্য রাশিয়ার ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে তিনি আরো সেকেন্ডারি নিষেধাজ্ঞা ঘোষণা করবেন বলে মনে করছেন। তবে তিনি আর কোনো বিস্তারিত তথ্য দেননি।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এটা ঘটতে পারে। আমি এখনই তা বলতে পারছি না। আমরা ভারতের ওপর শুল্ক আরোপ করেছি। আমরা সম্ভবত আরো কয়েকটি দেশের ওপর শুল্ক আরোপ করছি। তাদের মধ্যে একটি চীনও হতে পারে।’
রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার কারণে বুধবার ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন। এর আগে, দেশটির ওপর ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছিল ট্রাম্প প্রশাসন। সব মিলিয়ে ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক দাঁড়িয়েছে ৫০ শতাংশ।
রাশিয়ার তেলের আরেকটি বড় ক্রেতা দেশ চীন। তবে হোয়াইট হাউসের আদেশে চীনের কথা উল্লেখ করা হয়নি। গত সপ্তাহে, মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট চীনকে সতর্ক করে দিয়েছিলেন, রাশিয়ান তেল কেনা অব্যাহত রাখলে তারা নতুন শুল্কের মুখোমুখি হতে পারে।
সূত্র : রয়টার্স






