মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ভারত-পাকিস্তানের পরিস্থিতি যুক্তরাষ্ট্র ‘প্রতিদিন’ পর্যবেক্ষণ করছে। এ সময় তিনি চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যে পারমাণবিক উত্তেজনা এড়াতে মধ্যস্থতা করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি পুনর্ব্যক্ত করেছেন।

সোমবার (১৮ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

রোববার মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুদ্ধবিরতি চুক্তি যেকোনো সময় ভেঙে যেতে পারে। কারণ সেগুলো বজায় রাখা একটি চ্যালেঞ্জ।

তিনি বলেন, ‘যুদ্ধবিরতির জটিলতার মধ্যে একটি হলো সেগুলো বজায় রাখা, যা খুবই কঠিন। প্রতিদিন আমরা পাকিস্তান ও ভারতের মধ্যে কী ঘটছে তার ওপর নজর রাখছি।’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি চুক্তির প্রেক্ষাপটে তিনি বলেন, ‘যুদ্ধবিরতির একমাত্র উপায় হলো উভয়পক্ষের একে অপরের ওপর গুলি চালানো বন্ধ করতে সম্মত হওয়া। রাশিয়ানরা এতে রাজি হয়নি।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুদ্ধবিরতি খুব দ্রুতই ভেঙে যেতে পারে, বিশেষ করে যখন (ইউক্রেনে) সাড়ে তিন বছর ধরে যুদ্ধ চলছে। কিন্তু আমার মনে হয় না কেউ এই লক্ষ্যে দ্বিমত করবে যে কেবল যুদ্ধবিরতি নয়, একটি স্থায়ী শান্তি চুক্তি দরকার। যাতে এখন কোনো যুদ্ধ না হয়, ভবিষ্যতেও না হয়।’

ফক্স বিজনেসকে দেয়া একটি পৃথক সাক্ষাৎকারে রুবিও আবারো ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘাতের কথা উল্লেখ করেন। এই বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বারবার দাবি করেছেন, তিনি ভারত ও পাকিস্তানের মধ্যকার সংঘাত সমাধান করেছেন।

তিনি বলেন, ‘আমি মনে করি আমরা খুবই ভাগ্যবান, আমরা এমন একজন প্রেসিডেন্ট পেয়েছি যিনি শান্তি অর্জনকে তার প্রশাসনের অগ্রাধিকার হিসেবে তুলে ধরেছেন। আমরা কম্বোডিয়া-থাইল্যান্ড, ভারত-পাকিস্তান এবং রুয়ান্ডা-ডিআরসিতে এমনটা দেখেছি। বিশ্বে শান্তি ফিরিয়ে আনার জন্য আমরা যেকোনো সুযোগ খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাব।’