মিয়ানমারে সামরিক শাসনবিরোধী চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে আট বিক্ষোভকারী নিহত হয়েছেন। শুক্রবার দেশটির কেন্দ্রীয় অংবান শহরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি করলে এই হতাহতের ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে টেলিফোনে বলেন, 'নিরাপত্তা বাহিনী (বিক্ষোভকারীদের তৈরি) ব্যারিকেড সরাতে আসে কিন্তু লোকজন তাতে বাধা দেয়। পরে তারা গুলি ছোঁড়ে।'

অংবানের লাশ দাফনকারী সংস্থার এক কর্মকর্তা আটজন বিক্ষোভকারীর মৃত্যু নিশ্চিত করেন। নাম প্রকাশে অস্বীকার করে তিনি বলেন, সাত বিক্ষোভকারী ঘটনাস্থলেই নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে এক বিক্ষোভকারী মারা যান।

তাৎক্ষণিকভাবে জান্তা সরকারের কোনো মুখপাত্রকে এই বিষয়ে মন্তব্যের জন্য পাওয়া যায়নি। তবে এর আগে তিনি বলেছিলেন, প্রয়োজন হলেই নিরাপত্তা বাহিনী শক্তি ব্যবহার করছে।

মিয়ানমারের মানবাধিকার সংস্থা অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস জানিয়েছে, মিয়ানমারে সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ২৩২ জন নিহত হয়েছেন।

১ ফেব্রুয়ারি তাতমাদাও নামে পরিচিত মিয়ানমারের সামরিক বাহিনী দেশটিতে সেনা অভ্যুত্থান ঘটায় এবং প্রেসিডেন্ট উইন মিন্ট ও স্টেট কাউন্সিলর অং সান সু চিসহ রাজনৈতিক নেতাদের গ্রেফতার করে। সাথে সাথে দেশটিতে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করা হয়। গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল নিয়ে বিতর্কের জেরে এই অভ্যুত্থান ঘটায় সামরিক বাহিনী।

সেনা অভ্যুত্থানের প্রতিবাদে ৬ ফেব্রুয়ারি থেকে মিয়ানমারের বিভিন্ন শহরেই বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা অং সান সু চিসহ বন্দী রাজনৈতিক নেতাদের মুক্তির পাশাপাশি সামরিক শাসন প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন।

সূত্র : রয়টার্স