ইহুদিবাদী ইসরাইলের সামরিক কারাগারে একজন গোয়েন্দা কর্মকর্তার রহস্যজনক মৃত্যু হয়েছে। এ মৃত্যুর ব্যাপারে তার পরিবারকে কোনো তথ্য জানাচ্ছে না কর্তৃপক্ষ। এতে নিহত ওই গোয়েন্দা কর্মকর্তার পরিবারের লোকজন ইসরাইলি সরকারের উপর প্রচণ্ডভাবে ক্ষুব্ধ হয়েছেন।

তারা বলছেন, সরকার কতদূর পৌঁছেছে যে তারা তাদের কাছে এবং জনগণের কাছে এইসব তথ্য গোপন করেছে।

নিহত কর্মকর্তার পরিবারের লোকজন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ২০১৮ সাল থেকে এই পর্যন্ত সামাজিক যোগাযোগের মাধ্যমে দেয়া তার সমস্ত পোস্ট ডিলিট করে দেয়া হয়েছে।

ইসরাইলের ইংরেজি পত্রিকা দৈনিক হারেৎজ জানিয়েছে, কারাগারে নিহত একজন কর্মকর্তার লাশ উধাও করে দেয়ার প্রচেষ্টার বিরুদ্ধে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

নিহত গোয়েন্দা কর্মকর্তার এক আত্মীয় দৈনিক হারেৎজকে বলেছেন, আমরা কিছুই জানতে পারিনি। প্রকৃতপক্ষে কী ঘটেছে আজ পর্যন্ত আমাদের কাছে কেউ তা ব্যাখ্যা করে বলেনি।

সামগ্রিকভাবে সেনাবাহিনীর আচরণে একথা মনে হচ্ছে যে, তারা অনেক কিছু গোপন করতে চাইছে। কিন্তু কিভাবে একজন গোয়েন্দা কর্মকর্তার লাশ উধাও করে দেয়া সম্ভব?

সূত্র : পার্সটুডে