ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জোলো দ্বীপে সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে। রোববার ফিলিপাইনের সামরিক বাহিনীর বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
এর আগে স্থানীয় সময় রোববার দুপুরে ফিলিপাইনের সোলো প্রদেশের পাতিকুল শহরের কাছে বাংকাল গ্রামে দেশটির বিমান বাহিনীর একটি পরিবহন বিমান বিধ্বস্ত হয়। ওই বিমানে সৈন্যসহ ৯৬ আরোহী ছিল।
বিবৃতিতে বলা হয়, বিধ্বস্ত বিমান থেকে ২৯ জনের লাশ ও ৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
এতে আরো বলা হয়, বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় কিছু সংখ্যক সৈন্য আগেই মাটিতে লাফিয়ে পড়েছিল। এমন ১৭ জনকে বিমান বিধ্বস্তে হতাহতের তালিকা থেকে বাইরে রাখা হয়েছে।
দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া আরো যাত্রীর সন্ধান পাওয়ার বিষয়ে বিবৃতিতে আশা প্রকাশ করা হয়।
এর আগে ফিলিপাইনের সামরিক বাহিনীর প্রধান সিরিলিটো সোবেজানা এক বিবৃতিতে জানান, বিমানটি অবতরণের আগে রানওয়ের পথ থেকে বিচ্ছিন্ন হয়ে আছড়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটে।
তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে স্পষ্ট কিছু এখনো জানা যায়নি। এই বিষয়ে তদন্ত করা হবে বলে সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল এডগার্ড এরেভালো জানিয়েছেন।
সূত্র : রয়টার্স






