আগামী ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের ‘শহিদ দিবস’। করোনা আবহে ধর্মতলার মেগা কর্মসূচি বন্ধ গত বছর থেকে। এ বছর ও তৃণমূল নেত্রী ইতোমধ্যেই ঘোষণা করেছেন এই কর্মসূচি হবে ‘ভার্চুয়াল’। তবে প্রত্যেক বছর এই দিনটিতে রাজনৈতিক চমক দেন মমতা ব্যানার্জি। এ বছর ভোটে জিতে তৃতীয় বার সরকার গড়ার পর রাজনৈতিক মহলের নতুন কল্পনা, কী চমক থাকছে?
সর্বভারতীয় স্তরে এর মধ্যেই খবর ঘুরছে ‘বিহারী বাবু’ প্রাক্তন বিজেপি সাংসদ, অভিনেতা শত্রুঘ্ন সিনহা যোগ দিচ্ছেন তৃণমূলে। ভোটের ঠিক আগেই শত্রুঘ্ন সিনহার আরেক সতীর্থ, বাজপেয়ী মন্ত্রিসভায় তার প্রাক্তন সহকর্মী যশবন্ত সিনহা তৃণমূলে যোগ দিয়েছেন।
বর্তমানে তৃণমূলের অন্যতম জাতীয় সহ সম্পাদক তিনি। অতীতে দিল্লিতে মমতার সাথে দেখা করাই শুধু নয়, ২০১৯ লোকসভা নির্বাচনের আগে কলকাতায় ব্রিগেডে যে বিজেপি বিরোধী সমাবেশ হয়েছিল সেখানেও হাজির ছিলেন শত্রুঘ্ন।
সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে এ দাবি করা হচ্ছে। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে শত্রুঘ্ন তাদের জানান, ‘সম্ভাবনার আর এক নাম রাজনীতি’।
এই প্রসঙ্গে প্রকাশ্যে মুখ খুলতে না চাইলেও তৃণমূলের দুই রাজ্যসভাকে জানান, দীর্ঘ দিন ধরেই মমতা ব্যানার্জির সাথে ভালো সম্পর্ক শত্রুঘ্ন সিনহার। ২১-এর ভোটের পরেও তৃণমূল নেত্রীর সাথে একাধিক বার ফোনে কথা হয়েছে তার। তৃণমূলে যোগ দেয়ার বিষয়েও কথা এগিয়েছে অনেকটাই। দল ও চাইছে সর্বভারতীয় স্তরে ধারে ও ভারে বাড়তে। কারণ এখন টার্গেট ২০২৪ লোকসভা ভোট। নরেন্দ্র মোদীর মূল প্রতিপক্ষ হিসেবে তৃণমূল নেত্রী এই মুহূর্তে সব থেকে ভরসাযোগ্য নাম বলে মনে করছেন অনেকেই।
সূত্র : আজকাল






