ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ককেশাস অঞ্চলে ইসরাইলের অপতৎপরতার ব্যাপারে সতর্ক থাকতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ককেশাস অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার বিরুদ্ধে ইসরাইলের যেকোনো তৎপরতার ব্যাপারে রাশিয়া ব্যবস্থা নেবে বলে তেহরান আশা করছে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের আমন্ত্রণে রাশিয়া সফরে গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান। মঙ্গলবার রাতে মস্কো বিমানবন্দরে তিনি সাংবাদিকদের আরো বলেন, বুধবার ল্যাভরভের সাথে বৈঠকে তিনি ককেশাস অঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।
সাম্প্রতিক সময়ে ককেশাস অঞ্চলের মুসলিম দেশ আজারবাইজানের সাথে ইসরাইলের ঘনিষ্ঠতা সীমা ছাড়িয়ে গেছে। আজারি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বেপরোয়াভাবে ঘোষণা করেছেন, তেল আবিবের সাথে তার দেশের সম্পর্ক পাহাড়ের মতো মজবুত। এ বিষয়ে তেহরান বাকুকে সতর্ক করে দেয়ার পাশাপাশি আজারবাইজান সীমান্তে বড় ধরনের মহড়া চালিয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মস্কো বিমানবন্দরে আরো বলেছেন, দক্ষিণ ককেশাস অঞ্চল ও আফগানিস্তান পরিস্থিতি নিয়ে তিনি রাশিয়ার সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করতে চান। এছাড়া, রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের সাথে তার আসন্ন বৈঠকে ইরানের সাথে রাশিয়ার কৌশলগত সম্পর্ক নিয়েও বিস্তারিত কথা হবে বলে জানিয়েছেন হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান।
সূত্র : পার্সটুডে






