প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ বলেছেন, শ্রমবাজার বন্ধ আছে মালয়েশিয়ার অন্তঃদ্বন্দ্বের কারণে। এমওইউ চুক্তির মাধ্যমে শ্রমবাজার খোলা হয়েছে তিন মাস হলো। তারা একটা চিঠি দিয়েছেন সেটার জবাবও দিয়েছি। সেই চিঠিতে আমি আমার কর্মীর পক্ষে কথা বলেছি। এই চিঠি সবার কাছে আছে।
তিনি বলেন, অনেকেই বলছেন আমাদের কারণে শ্রমবাজার বন্ধ আছে। প্রকৃত পক্ষে শ্রমবাজার বন্ধ আছে মালয়েশিয়ার অন্তঃদ্বন্দ্বের ফলে। আমি এখনো জানি না কবে মার্কেট চালু হবে। তবে আমরা মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলে জানতে পেরেছি শিগগির ভালো কিছু হবে।
মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অহিদুর রহমানের সঞ্চালনায় বাংলাদেশ কমিউনিটি মালয়েশিয়ার আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় এসব কথা বলেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ ।
স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টায় কুয়ালালামপুরের হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত গোলাম সারোয়ার, প্রধান বক্তা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. এটিএম ইমদাদুল হক।
বক্তব্য রাখেন কামরুজ্জামান কামাল, কাইয়ুম চৌধুরী, এ কামাল হোসেন চৌধুরী, রাশেদ বাদল, নুর মোহাম্মদ ভূইয়াসহ আরো অনেকে।
এ সময় বক্তরা বলেন, মালয়েশিয়ার শ্রম বাজারকে বিতর্কিত করার জন্য অপপ্রচার করছে একটি চক্র। এমনকি জনগনের বিপক্ষে গিয়ে তারা সিন্ডিকেট করে মালয়েশিয়ার শ্রম বাজারকে বন্ধ করার পায়তারা করছে।
মালয়েশিয়ায় কিছু বাংলাদেশী প্রবাসী তরুণ-তরুণী বাংলাদেশ সরকার, দূতাবাস ও আওয়ামী লীগের বিরুদ্ধে ভিডিও বানিয়ে অপপ্রচার করছে। এই অপপ্রচারের সাথে জড়িত অপরাধীদেরকে বাংলাদেশে নিয়ে বিচারের ব্যাবস্থা করার দাবি জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন, দূতাবাসের সিনিয়র কর্মকর্তাসহ বাংলাদেশ প্রেস ক্লাব অব মালয়েশিয়ার সাবেক সভাপতি মোঃ মনির বিন আমজাদ, আওয়ামী লীগের জালাল উদ্দীন সেলিম, এ আর মামুন, বিএম রাসেলসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও প্রবাসীরা।
পবিত্র কুরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারসহ সকল শহিদের স্মরণে দোয়া মোনাজাত করা হয়।



