ভারতের জাতীয় নাগরিক তালিকার (এনআরসি) বিরুদ্ধে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে নাগরিক তালিকা প্রকাশিত হওয়ার পর দেখা গেছে ১৯ লাখ মানুষের নাম ওই তালিকায় নেই। তালিকা প্রকাশের পর থেকেই মমতা এর বিরোধী করছেন। এবার সরাসরি রাজপথেই নামলেন মমতা। অন্য দিকে দেশটির বিজেপি সরকার বলছে, তারা সব রাজ্যে নাগরিক তালিকা করবে। একদিন আগে কেন্দ্রিয় মন্ত্রী স্মৃতি ইরানি কলকাতায় এসেও সেকথা বলে গেছেন।

নাগরিক তালিকার বিরুদ্ধে মিছিলের শেষে তৃণমূল নেত্রী মমতা বলেন, তিনি তার রাজ্যে এমন কোনও পদক্ষেপ কেন্দ্রকে করতে দেবেন না। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মমতা এ প্রসঙ্গে বলেন, ‘আমরা বাংলায় কখনওই নাগরিক তালিকা করার অনুমতি দেব না। রাজ্যের নাগরিকদের ধর্ম ও জাতের ভিত্তিতে ভাগ করতে দেব না ওদের। আমরা আসামের নাগরিক তালিকাও গ্রহণ করব না। ওরা আসামের মানুষের কথা বলা বন্ধ করে দিয়েছে পুলিশ ও প্রশাসনের সাহায্যে; কিন্তু ওরা বাংলাকে চুপ করাতে পারবে না।

গত ৩১ আগস্ট প্রকাশিত হয় আসাম রাজ্যের নাগরিক তালিকা। বাদ পড়া ১৯ লক্ষ মানুষ আদালতে আবেদন করতে পারবেন। তবে সেখানেও নাগরিকত্ব প্রমাণ করতে না পারলে তারা বিদেশী হিসেবে চিহ্নিত হবেন।

এ সপ্তাহে দুই দিনের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো সফরে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সভাপতি অমিত শাহ বলেছেন, ‘সমস্ত দেশই নাগরিক তালিকা নিয়ে ভয় পাচ্ছে। আসাম মনে করছে নাগরিক তারিকা ভুল। ছোট রাজ্যগুলি ভাবছে সেখানেও এমন হবে। আমি আপনাদের নিশ্চিত করছি, কেবল আসাম নয়, আমরা চাই গোটা দেশই বেআইনি অনুপ্রবেশকারীদের থেকে মুক্ত হোক। আমরা একটা প্ল্যান রেডি করে ফেলেছি। আমরা সব রাজ্যেই আত্মবিশ্বাস ফিরিয়ে আনব।

গত বৃহস্পতিবার বিজেপির পশ্চিমবঙ্গ শাখার সভাপতি দিলীপ ঘোষ বলেন, রাজ্যে এক কোটিরও বেশি বেআইনি অনুপ্রবেশকারীকে আশ্রয় দিয়েছে তৃণমূল কংগ্রেস। এনডিটিভি