ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই জানিয়ে দিয়েছিলেন গোটা দেশে এনআরসি হবে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় ক্ষমতাসীন দল বিজেপির নেতা যোগী আদিত্যনাথ কেন্দ্রের সে উদ্যোগে যুক্ত হয়ে নিজের রাজ্যে অবৈধ অভিবাসীদের খুঁজে বের করার জন্য অভিযান শুরু করলেন।
বৃহস্পতিবার লখনৌয়ের এক অনুষ্ঠানে এসে যোগী বলেন, ‘রাজ্যে এখন সমীক্ষা (অবৈধ অভিবাসীদের সনাক্তকরণ) চলছে এবং এরপরই এই সমীক্ষার রিপোর্ট পাওয়ার পর সিদ্ধান্ত নেয়া হবে যে কখন এনআরসি তালিকার কাজ শুরু করা হবে।’
রাজ্যে বিধানসভার উপ–নির্বাচন চলাকালীন আদিত্যনাথ জানিয়েছিলেন যে, আসামের মতো উত্তরপ্রদেশেও নাগরিকপঞ্জী তালিকা প্রকাশিত হোক। দেশজুড়ে এনআরসির পরিকল্পনা করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভূয়সী প্রশংসাও করেন তিনি।
রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, পুলিশের পক্ষ থেকে সমীক্ষা করে রাজ্যে বসবাসকারী অবৈধ অভিবাসীদের চিহ্নিত করা হচ্ছে। একমাস আগেই উত্তরপ্রদেশ পুলিশপ্রধান জেলা পুলিশের সকলকে নির্দেশ দেন যে, তাদের জেলায় অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশীসহ অন্য অভিবাসীদের সনাক্ত করার জন্য। এ সংক্রান্ত রিপোর্ট তৈরি করে তা স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে জমা দেয়ার জন্য বলা হয়।
নির্দেশে এও বলা হয় যে, বাস টার্মিনাল সংলগ্ন কলোনি এবং রেলওয়ে স্টেশনগুলোতেও সমীক্ষা চালানো হবে যে, এখানে কেউ অবৈধভাবে বসবাস করছে কিনা।
৩১ আগস্ট আসামে এনআরসি তালিকা প্রকাশিত হয়। তালিকা থেকে বাদ পড়ে প্রায় ১৯ লাখ মানুষের নাম। ২০১৩ সালে সুপ্রিম কোর্টের আদেশেই আসামে নাগরিকপঞ্জীর কাজ শুরু করে দেয়া হয়। তবে উত্তর–পূর্ব রাজ্যের বিজেপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এনআরসির চূড়ান্ত নথিতে তাদের অসন্তোষ প্রকাশ করেছে।
সূত্র : ওয়ান ইন্ডিয়া






