সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ বাড়ি ও গাড়িতে ফিলিস্তিনি পতাকা উত্তোলনের আহ্বান করায় মুসলিম এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ভারতের উত্তর প্রদেশের পুলিশ। কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরায় শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এই খবর জানানো হয়।

গ্রেফতার ইয়াসির আখতার উত্তর প্রদেশের আজমগড় জেলার সরাই মীরের বাসিন্দা বলে খবরে জানানো হয়।

আজমগড় জেলার সিনিয়র সুপারিটেন্ডেন্ট অব পুলিশ সুধীর কুমার সিং এই বিষয়ে আলজাজিরাকে বলেন, শুক্রবার জুমার নামাজের পর সরাই মীরের বাসিন্দাদের ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে তাদের বাড়ি ও গাড়িতে ফিলিস্তিনের পতাকা উত্তোলনের আহ্বান জানিয়ে ইয়াসির তার ফেসবুক পেজে একটি বার্তা পোস্ট করেন।

এই ফেসবুক বার্তার জেরেই ইয়াসিরকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে জানান সুধীর কুমার সিং।

তিনি বলেন, ‘এটি একটি ঘনবসতিপূর্ণ এলাকা, এখানে বিভিন্ন মুসলিম সম্প্রদায় বাস করেন। শুক্রবারের নামাজের পর এ ধরনের আহ্বান সহিংসতার সৃষ্টি করতে পারে বলে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে।'

তিনি আরো বলেন, 'তিনি নিজে পতাকা উত্তোলন করতে চাইলে তা করতে পারেন কিন্তু অন্যকে আহ্বান করা সঠিক নয়। অনেকেই তার বিরোধিতা করেন।'

১০ মে থেকে গাজায় টানা ১১ দিন ইসরাইলি বিমান হামলায় ৬৫ শিশু ও ৩৯ নারীসহ ২৩২ ফিলিস্তিনি নিহত হন। হামলায় আহত হয়েছেন আরো এক হাজার নয় শ' গাজাবাসী।

গাজায় ইসরাইলের টানা ১১ দিনের আগ্রাসনের পর বৃহস্পতিবার রাতে ইসরাইল ও হামাস যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার ঘোষণা দেয়। মিসরীয় উদ্যোগে এই যুদ্ধবিরতির প্রচেষ্টায় ইসরাইলি মন্ত্রিসভার অনুমোদনের পর শুক্রবার সকাল থেকে তা কার্যকর হয়।

সূত্র : আলজাজিরা